ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে উপনির্বাচনে কারচুপি হয়েছে অভিযোগ করে সেখানে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের পদত্যাগও চেয়েছে তারা।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শুক্রবার এক সংবাদ সম্মেনে বলেন, "ব্রাহ্মণবাড়িয়ার আসনটি জবরদস্তি করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এ আসনের ফলাফল প্রত্যাখ্যান করছি। একই সঙ্গে সেখানে নিরপেক্ষ ও সুষ্ঠু পুনর্নির্বাচন দাবি করছি।"
বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার ওই আসনে উপনির্বাচনে বিএনপি প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামলকে ৪০ হাজার ভোটে হারিয়ে বিজয়ী হন আওয়ামী লীগের র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
একই দিনে হবিগঞ্জ-১ আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী শেখ সুজাত মিয়া ১ হাজার ২৮৫ ভোটে হারান আওয়ামী লীগের প্রার্থী মুশফিক হোসেন চৌধুরীকে।
আওয়ামী লীগের দুই সংসদ সদস্যের মৃত্যুতে এ দুই আসনে উপনির্বাচন হলো, যাতে বিএনপি সরকারি দল থেকে একটি আসন ছিনিয়ে নিলো। ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সোচ্চার হলেও হবিগঞ্জের বিষয়ে দেলোয়ারের বক্তব্য- "সেখানে সুষ্ঠু ভোট হলে আমাদের প্রার্থী আরো বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হতেন।"
বৃহস্পতিবারের নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছিলেন, "সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে। অতীতে এ রকম নির্বাচন আগে হয়েছে কি না, তা আমার জানা নেই।"
এর প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, "উনি বলছেন, এই উপনির্বাচন মডেল নির্বাচন হয়েছে। এটা ঠিক নয়। তার বক্তব্য অনুযায়ী এটি যদি মডেল নির্বাচন হয়, তা হলে কারচুপির নির্বাচন কোনটি?"
নির্বাচন কমিশনের সমালোচনা করে দেলোয়ার বলেন, "একটি অবৈধ ও অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার এ কমিশন গঠন করেছিলো। তারা নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকেই বিএনপিকে খণ্ড-বিখণ্ড করতে কাজ করেছে। এখনো তারা বিগত অবৈধ সরকারের মতোই বর্তমান সরকারের পক্ষে সাফাই গাইছে।"
উপনির্বাচনে সেনা মোতায়েনের বিষয়েও নির্বাচন কমিশনের অবস্থানের সমালোচনা করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সরকারের সহযোগিতা করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তা সত্ত্বেও কেন সেনাবাহিনী চাওয়ার পরও সরকার তা দিলো না- এ ক্ষেত্রে কমিশন কী পদক্ষেপ নিয়েছে, তা তারা বলেননি।
উপনির্বাচনে সেনা মোতায়েন না করার জন্য সরকার ও কমিশন উভয়ের ব্যর্থতা রয়েছে, বলেন দেলোয়ার।
নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে তিনি বলেন, "এ নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা নেই। তাই আমরা কমিশনের পদত্যাগ চাই।"
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রোববার হরতাল ডেকেছ। দেলোয়ার ওই কর্মসূচিতে কেন্দ্রের সমর্থনের কথা জানান।
পৌরসভা নির্বাচনেও কারচুপির অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেন, "দেশের মানুষ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নির্বাচনের ফলাফলে তা প্রকাশ পাচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে সারাদেশে আমাদের সমর্থিত দুই তৃতীয়াংশ মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিজয়ী হতেন।"
অসুস্থতার কারণে অনুপস্থিত দেলোয়ার দেড় মাস পর শুক্রবার কোনো সংবাদ সম্মেলনে এলেন।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মান্নান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, শামীমুর রহমান শামীম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫০০ ঘ.
bdnews24