ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় সংসদের দুটি আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগকে হারিয়ে ভাগ বসিয়েছে বিএনপি। হবিগঞ্জ-১ আসনে নির্বাচিত হয়েছেন বিরোধীদলের প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন ধরে রেখেছে আওয়ামী লীগ।
নবম সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন দুটি আওয়ামী লীগ পেয়েছিলো। গত বছর দুই সংসদ সদস্যের মৃত্যুতে আসন দুটি শূন্য হয়।
বৃহস্পতিবার এই দুটি আসনের উপনির্বাচনের ভোট হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হয়।
রাত ১০টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তারা দুটি আসনের ফল ঘোষণা করেন।
হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী শেখ সুজাত মিয়া এক হাজার ২৮৫ ভোটে হারিয়েছেন সরকারি দল আওয়ামী লীগের প্রার্থী মুশফিক হোসেন চৌধুরীকে।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রবীণ নেতা ফরিদ গাজী সুজাত মিয়াকে ৭২ হাজার ৫৯২ ভোটে হারিয়েছিলেন। ফরিদ গাজী ভোট পান ১ লাখ ৫২ হাজার ৮০ এবং সুজাত মিয়া পান ৭৯ হাজার ৪৮৮ ভোট।
উপনির্বাচনে এই আসনটির ১৭৫টি কেন্দ্রে বিএনপির সুজাত মিয়া (ধানের শীষ) পেয়েছেন ৮১ হাজার ৩৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মুশফিক হোসেন চৌধুরী (নৌকা) ৮০ হাজার ৪৫ ভোট পেয়েছেন।
মহাজোটের শরিক জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী এম এ মুনিম (লাঙল) পেয়েছেন ২২ হাজার ২২৫ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ১২৬টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (নৌকা) পেয়েছেন এক লাখ ২৫ হাজার ১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. খালেদ হোসেন মাহবুব ৮৪ হাজার ৬৩১ ভোট পেয়েছেন।
জাতীয় পার্টির প্রার্থী রেজাউল ইসলাম ভূঁইয়া প্রার্থিতা প্রত্যাহার না করলেও সংবাদ সম্মেলন করে তিনি আওয়ামী লীগকে সমর্থন দেন।
এই আসনে বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী লুৎফুল হাই সাচ্চু তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি'র হারুন আল রশিদ-এর চেয়ে ৭৩ হাজার ৪৬৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। লুৎফুল হাই ভোট পান ১ লাখ ৬০ হাজার ৫২ ও হারুন আল রশিদ পান ৮৬ হাজার ৫৮৭ ভোট।
সংসদ লুৎফল হাই গত বছর মারা যাওয়ায় নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।
হবিগঞ্জের রিটার্নিং কর্মকর্তা মো. এমরান মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইস্তাফিজুল আকন্দ ফল ঘোষণা করেন।
ফল ঘোষণার শেষের দিকে বিএনপি ব্রাহ্মণবাড়িয়ার উপনির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে ফল প্রত্যাখ্যান করে। রাত সাড়ে ৯টায় জেলা বিএনপির সভাপতি হারুন আল রশিদ সংবাদ সম্মেলন করে এই আসনে পুনর্র্নিবাচন দাবি করেন।
জেলা বিএনপি রোববার ব্রাহ্মণবাড়িয়ায় সকাল-সন্ধ্যায় হরতাল ডেকেছে।
এর আগে প্রধান বিরোধীদল বিএনপি অভিযোগ করেছে, ব্রাহ্মণবাড়িয়ার তিনটি এবং হবিগঞ্জের চারটি কেন্দ্রে তাদের প্রার্থীর এজেন্টকে বের করে দিয়ে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা জোর করে নৌকা প্রতীকে সিল মেরেছে।
ভোট শেষ হওয়ার পর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার বলেন, "এবার অত্যন্ত ভালো নির্বাচন হয়েছে। আমরা খুবই খুশি।"
বিএনপি সেনা মোতায়েনের দাবি জানিয়ে এলেও উপনির্বাচনে সেনাবাহিনী পায়নি ইসি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট হয়।
হবিগঞ্জ-১ আসনে ৩ লাখ ১ হাজার ৪৪৭ জন এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ৩ লাখ ১০ হাজার ২৩৮ জন ভোটার রয়েছেন। উপ-নির্বাচনে ৬০ থেকে ৬৫ শতাংশ ভোট পড়ে বলে নির্বাচন কমিশনের ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/জেকে/এমএসবি/০০৪২ ঘ.
bdnews24