হবিগঞ্জ, জানুয়রি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে আছেন।
এই আসনের ১৭৫টি কেন্দ্রের মধ্যে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ১১৫টির ফল জানান নির্বাচন কর্মকর্তারা।
রিটার্নিং কর্মকর্তা উপনির্বাচন কমিশনার মো. এমরান জানান, আওয়ামী লীগ প্রার্থী মুশফিক হোসেন চৌধুরী (নৌকা) ৫৩ হাজার ৮১ ভোট পেয়ে এগিয়ে আছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ সুজাত মিয়া (ধানের শীষ) পেয়েছেন ৫১ হাজার ৬৭৯ ভোট।
আওয়ামী লীগের প্রবীণ নেতা দেওয়ান ফরিদগাজীর মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হয়।
আওয়ামী লীগের সংসদ সদস্য লুৎফল হাই সাচ্চুর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার এই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
বিরোধীদল বিএনপি কেন্দ্র দখলসহ ভোট কারচুপির অভিযোগ করেছে। তারা ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি কেন্দ্রে আবার ভোট দাবি করেছে।
অন্যদিকে নির্বাচন কমিশন বলেছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৪ ঘ.
bdnews24