ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ দাবি জানান।
কেন্দ্রগুলো হচ্ছে- বাসুদেব উচ্চ বিদ্যালয়, চিনাই আঞ্জুমান স্কুল অ্যান্ড কলেজ, ক্রশ্চিয়ান মিশনারী স্কুল, গতাইশার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাপাইর সিনিয়র মাদ্রাসা কেন্দ্র।
নজরুল ইসলাম অভিযোগ করেন, "দুটি উপনির্বাচনে ভোট গ্রহণের সময় ক্ষমতাসীনরা অনেক কেন্দ্র দখল করে আমাদের এজেন্টদের বের করে দিয়ে ব্যালটে সিল মেরেছে। তারা নানা অনাচার ঘটিয়ে জনগণের রায় পাল্টানোর চেষ্টা চালিয়েছে।"
জাতীয় সংসদের দুই আসন ব্রাহ্মণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ আসনে বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়। একইভাবে কক্সবাজারসহ ১২টি পৌরসভায়ও ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
আওয়ামী লীগের সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুতে গত নভেম্বরে জাতীয় সংসদের হবিগঞ্জ-১ এবং লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুতে ব্রাক্ষণবাড়িয়া-৩ আসন দুটি শূন্য হয়। এ দুই আসনের উপ-নির্বাচনের তফসিল গত ২২ ডিসেম্বর ঘোষণা করে ইসি।
ভোট শেষে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এর আগে ভোট গ্রহণের মাঝামাঝি সময়ে দুপুরে দলটি উপনির্বাচনে ক্ষমতাসীন দলের কর্মীদের বিরুদ্ধে কয়েকটি ভোটকেন্দ্র দখল করে জোরপূর্বক ব্যালটে সিল দেওয়ার অভিযোগ করে।
বিএনপির এই প্রভাবশালী নেতা দাবি করেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৬৯, ১০১, ১১৪, ১২৩, ১২৪, ১৪২, ১৬৭, ১৬৬, ১৭১ এবং বাহুবল উপজেলার ১, ৩২ নম্বর কেন্দ্র এবং ব্রাক্ষণবাড়ীয়া-৩ আসনের সোবহান বালিকা উচ্চ বিদ্যালয়, গোয়ালশলা প্রাথমিক বিদ্যালয়, পৈরতলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১২টি কেন্দ্র থেকে বিরোধী দলীয় এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল করে ক্ষমতাসীন দলের কর্মীরা।
তিনি অভিযোগ করেন, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ওইসব কেন্দ্র দখল করা হয়। এ ব্যাপারে বিএনপি প্রার্থীর পক্ষে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
এ দুটি আসনে সেনা মোতায়েনে নির্বাচন কমিশনের ব্যর্থতা ও এ বিষয়ে সরকারের ভূমিকার কঠোর সমালোচনাও করেন নজরুল।
তিনি বলেন, "অনিয়মের আশঙ্কায় আমরা এ দুই আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছিরাম। ভোটারদের কেন্দ্রে যেতে বাধাদান, কেন্দ্র দখল ইত্যাদি অনাচারের পর আমাদের শঙ্কা আজ সত্য প্রমাণিত হয়েছে।''
হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী শেখ সুজাত মিয়া। আওয়ামী লীগের মনোনয়নে লড়ছেন ডা. মো. মুশফিক হুসেন চৌধুরী ।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির খালেদ হোসেন মাহবুবের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হালিম, এমএ কাইয়ুম, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-প্রকাশনা সম্পাদক শফি বিক্রমপুরী, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী সোহেল, সাধারণ সম্পাদক শরফত আলী সপু, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯২০
bdnews24