ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন মনে করে, ১২ পৌরসভা ও জাতীয় সংসদের দুই আসনের উপ-নির্বাচন বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত সবচেয়ে সুষ্ঠু ও পরিচ্ছন্ন নির্বাচন।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার বলেন, "এবার অত্যন্ত ভালো নির্বাচন হয়েছে। আমরা খুবই খুশি।"
হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার দুই উপ-নির্বাচন এবং ১২ পৌরসভায় ভোটগ্রহণ শেষে বিকাল সাড়ে ৪টায় এ কথা বলেন তিনি। এ সময় আরেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনও উপস্থিত ছিলেন।
উপ-নির্বাচনে ৬০ থেকে ৬৫ শতাংশ এবং পৌর নির্বাচনে গড়ে ৭০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করেন এই নির্বাচন কমিশনার।
এম সাখাওয়াত হোসেন বলেন, "নির্বাচিত সরকারের অধীনে এ ধরনের সুষ্ঠু নির্বাচন করা গেলে দেশে গণতন্ত্র আরো শক্তিশালী রূপ পাবে। পাশ্ববর্তী দেশগুলোতেও এ নির্বাচন দৃষ্টান্ত স্থাপন করবে।"
সরকার ও প্রধান দুই রাজনৈতিক দলকে ধন্যবাদ জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, "বর্তমান সরকারের সময়ে এ পর্যন্ত সব নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। অতীতে এমন নির্বাচন হয়েছে কি না আমার জানা নেই। উপ-নির্বাচনে দুয়েকটা হট্টগোল হলেও দলগুলো সহযোগিতা করেছে।"
বৃহস্পতিবারের নির্বাচনে অনিয়ম ও গোলযোগের কারণে কোনো ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়নি বলে জানান তিনি।
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, আইন শৃঙ্খলাবাহিনীর (বিজিবি, র্যাব, পুলিশ, সেনা, আনসার, ভিডিপি) সদস্যসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এম সাখাওয়াত।
'সেনা না থাকায় অসুবিধা হয়নি'
প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানালেও শেষ পর্যন্ত তা হয়নি।
নির্বাচন কমিশন গত চার দফা পৌর নির্বাচনে সশস্ত্র বাহিনী নিয়োগ করলেও এবার বিজিবি, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্য সংখ্যা বাড়িয়ে দেয়। সেই সঙ্গে তাদের টহল কেন্দ্রীভূত ও জোরদার করে।
এ বিষয়ে এম সাখাওয়াত বলেন, "সেনা মোতায়েন না হলে যে নির্বাচন করা যাবে না তা নয়। নিয়মিত ফোর্স না থাকলে এবং একান্ত প্রয়োজন হলে সেনা ডাকতে হয়। আমরা বিজিবিসহ পর্যাপ্ত ফোর্স পেয়েছি এবং একঘণ্টার মধ্যে তারা মুভ করেছে। ফলে কোনো অসুবিধা হয়নি।"
"গণতান্ত্রিক নির্বাচনে আর্মি প্রমোট করা সব সময় গণতন্ত্রের সঙ্গে যায় না। পাবলিক ফোর্সের ওপর ভরসা রাখতেই হবে। তাদেরকে কাজে লাগালে তারা যে ভালো কাজ করতে পারে-তার প্রমাণ আজকের নির্বাচনে পাওয়া গেছে।"
স্থগিত পৌরসভার নির্বাচন শিগগির
ইতোমধ্যে স্থগিত হওয়া ও তদন্তাধীন পৌরসভাগুলোয় শিগগির নির্বাচন করা হবে বলে জানান সাখওয়াত।
"আদালতের স্থগিতাদেশ দেখে ও বিচারবিভাগীয় তদন্ত শেষ করে পুনতফসিল করা হবে।"
গত ১২, ১৩, ১৭ ও ১৮ জানুয়ারি দেশের ২৪২ পৌরসভায় নির্বাচন হয়।
সহিংসতা ও আইনী জটিলতায় সেনবাগ পৌরসভাসহ নোয়াখালী সদরের ১৭ ভোটকেন্দ্রে ভোট স্থগিত করা হয়। এছাড়া রামগড়, ঝিনাইদহ, ঝালকাঠি ও চাঁদপুর পৌরসভায় নির্বাচন হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮১২ ঘ.
bdnews24