২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফজলুল হক হত্যা: নতুন গ্রেপ্তার ৪জন রিমান্ডে

আওয়ামী লীগ নেতা ফজলুল হক হত্যা মামলায় নতুন গ্রেপ্তার চার জনকে চার দিনের হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 03:20 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা ফজলুল হক হত্যা মামলায় নতুন গ্রেপ্তার চার জনকে চার দিনের হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে ঢাকার মহানগর হাকিম কনিকা বিশ্বাস এ আদেশ দেন। আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক মজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। অবশ্য মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আজহারুল ইসলাম তাদেরকে ১০ দিন হেফাজতে রাখার আবেদন করেছিলেন। সোমবার এই চারজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- জসিম উদ্দিন, সেলিম আহাম্মদ, মো. শামীম ও মঞ্জুর এলাহী। গত ১৪ জানুয়ারি দুপুরে ঢাকার ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরদিন নিহতের স্ত্রী নীলা হক এ ঘটনায় একটি মামলা করেন। এর আগে এ মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিলো। মামলার তদন্তের দায়িত্ব প্রথমে শেরেবাংলা নগর থানা পুলিশকে দেওয়া হয়। পরে মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্তের দায়িত্বভার দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/পিবি/এএল/এইচএ/২১১৫ ঘ.