২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপনির্বাচনের প্রচারণায় সরগরম ব্রাহ্মণবাড়িয়া

ব্র্াহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে উপনির্বাচনের প্রচারণা জমে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্র্াহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে উপনির্বাচনের প্রচারণা জমে উঠেছে। আগামী ২৭ জানুয়ারি উপনির্বাচনের ভোট নেওয়ার কথা রয়েছে। একইসঙ্গে হবিগঞ্জ-১ আসনেও উপনির্বাচন হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই সংসদ সদস্যের মৃত্যুতে আসন দুটি শূন্য হয়। সোমবার ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরীর পক্ষে প্রচারণায় অংশ নেন দলের কেন্দ্রীয় নেতাসহ কয়েকজন সংসদ সদস্য। অন্যদিকে চারদলীয় জোট প্রার্থী বিএনপির খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। বিকালে ব্রাহ্মণবাড়িয়ার শহরতলীর সুলতানপুর স্কুল মাঠে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী জনসভা হয়। জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সভাপতি সৈয়দ এমদাদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের উপনির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সরকারের পক্ষ থেকে কোনো প্রকার প্রভাব বিস্তার করা হবে না। জনসভায় আরো বক্তব্য রাখেন- ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজল হোসেন, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সানজীদা খাতুন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহার উদ্দিন বাহার, রাজশাহী থেকে নির্বাচিত মো. শাহরিয়ার আলম, নাটোর থেকে নির্বাচিত জুনায়েদ আহমেদ পলক, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া ও মহাজোট প্রার্থী উবায়দুল মোক্তাদির। বিএনপির খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। বিকালে শহরতলীর নরসিংসার স্কুল মাঠে এক নির্বাচনী সভায় তিনি বলেন, এই সরকার জনসাধারণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। অর্থনীতির ক্ষেত্রে ব্যর্থতাসহ সর্বশেষ পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের পথে বসিয়েছে এই সরকার। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মুশফিকুর রহমানসহ জেলা বিএনপির নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৩ ঘ.