ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির এক মামলায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে অন্তর্বর্তীকালীন আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
এ সব মামলায় চার মাসের জন্য অথবা এর আগে পুলিশ প্রতিবেদন দাখিল হলে তার আগ পর্যন্ত তার জামিন কার্যকর হবে।
বিচারপতি শামীম হাসনাইন ও মো. রেজাউল হাসানের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
সেইসঙ্গে তাকে কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না- তা জানাতে সরকারকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
দেলোয়ারের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও জয়নুল আবেদীন।
মাহবুব বলেন, "দুর্নীতির দায়ে দায়ের এক মামলায় দেলোয়ার হোসেনকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।"
দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ১৬ জানুয়ারি রাজধানীর শেরেবাংলা নগর থানায় দেলোয়ারের বিরুদ্ধে মামলা করে।
অভিযোগে বলা হয়, চিফ হুইপ থাকাকালীন সময়ে দেলোয়ার ক্ষমতার অপব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত গাড়ি ব্যবহার এবং এজন্যে অতিরিক্ত জ্বালানি তেল উত্তোলন করেন। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে।
একই অভিযোগে সাবেক স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর বিরুদ্ধেও মামলা হয় ওই থানায়। সেদিন যে তিনটি মামলা হয় তার তিনটিতেই জমিরকে আসামি করা হয়। বাকি দুটির একটিতে জমিরের সঙ্গে আসামি দেলোয়ার, অন্যটিতে আখতার।
গত ১৯ জানুয়ারি ওই মামলায় জমির উদ্দিন সরকার ও আখতার হামিদ সিদ্দিকীকে অন্তর্বর্তীকালীন আগাম জামিন দেয় হাইকোর্টের এই বেঞ্চ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৬২৮ ঘ.
bdnews24