ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'আজগুবি ও হাস্যকর' মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলনকে ১১ মাস কারাগারে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। তারা বলছে, এসব মামলার বাদিদের মধ্যে ফেরারী আসামিও রয়েছে।
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "চাঁদপুরের সংসদ সদস্য মহিউদ্দীন খান আলমগীর ও সরকার মিলনের বিরুদ্ধে ভ্যানিটি ব্যাগ ছিনতাই, মোবাইল ও মাটি চুরিসহ নানা আজগুবি ও হাস্যকর ১৯টি মিথ্যা মামলা দিয়েছে।"
একের পর এক এসব মামলায় উচ্চতর আদালত থেকে মিলন জামিন পেলেও সঙ্গে সঙ্গে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আটকে রাখা হয়েছে- অভিযোগ করে এসব মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি।
ফখরুল বলেন, "প্রতিহিংসার কারণে সরকার সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এভাবে মামলা দিয়ে নির্যাতন চালাচ্ছে। তার বসতবাড়ির সব কিছু স্থানীয় আওয়ামী লীগের ক্যাডাররা লুটপাট করেছে।"
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফখরুল ইসলাম।
গত ১৫ জানুয়ারি ফেরারি আসামি আওলাদ সরকার কচুয়ায় থানায় মিলনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দাবি করে ফখরুল বলেন, "ওই মামলার এজহারে বলা হয়েছে, ২০০৮ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে ভাংচুর করেছেন মিলন। তিনি (মিলন) নিজে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়েছেন। অথচ ওই সময়ে কোনো নির্বাচনই হয়নি। আর একজন ফেরারি আসামির মামলা থানা কীভাবে গ্রহণ করে?"
অন্য একটি মামলার বাদি আদালতে মামলা প্রত্যাহারের আবেদন জানানোর পরও পুলিশ সে মামলায় মিলনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
মিলনের ওপর নির্যাতনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে- এ অভিযোগ এনে তার মেয়ে তানজীদা নাহার হক এর প্রতিকার চেয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে আবেদন করেছে বলে জানান ফখরুল।
তিনি বলেন, "আশা করবো, কমিশন এ বিষয়ে ব্যবস্থা নিয়ে একজন রাজনীতিক নেতার দীর্ঘ কারাবাসের অবসান ঘটাবেন।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, মিলনের স্ত্রী মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৫১০ ঘ.
bdnews24