রংপুর, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে শুক্রবার বিকালে ভাংচুর করার অভিযোগ উঠেছে দলের একটি গ্র"পের বিরুদ্ধে।
এ ঘটনার পর দলীয় কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
দলের নেতাকর্মীরা জানান, উপজেলা সদরের গুটকা মোড়ে একটি ভাড়া বাড়িতে শুক্রবার সন্ধায় দলীয় কার্যালয় উদ্বোধন করার কথা ছিল। কিন্তু বিকালে প্রতিপক্ষ গ্র"প লাঠিসোটা নিয়ে ওই কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে।
তাপর আসিফ শাহারিয়ারের পক্ষে বিভিন্ন শ্লোগান দিয়ে চলে যায়।
নেতাকর্মীরা আরো জানান, গত মঙ্গলবার পার্টি চেয়ারম্যান এরশাদ আকস্মিক সফরে গঙ্গাচড়া সফরে যান। ওখানে দলীয় কার্যালয় না থাকা, দলের কর্মকাণ্ডে স্থবিরতা এবং সাংসদের এলাকায় উপস্থিত না থাকাসহ বিভিন্ন অভিযোগ শোনেন এরশাদ।
এর পরিপ্রেক্ষিতে তিনি সাত দিনের মধ্যে গঙ্গাচড়া উপজেলা সদরে দলীয় কার্যালয় স্থাপন কারার জন্য উপজেলা সভাপতি মতিয়ার রহমানকে দায়িত্ব দেন।
এদিকে স্থানীয় সাংসদ জাপা জেলা যুগ্ম সম্পাদক আসিফ শাহারিয়ার বুধবার রংপুর শহরের নিউ সেন পাড়া এলাকায় তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।
তিনি এরশাদের গঙ্গাচড়া যাওয়াকে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করেন।
এরশাদকে তার বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার জন্য শাহারিয়ার জেলা জাপার কয়েকজন নেতাকে দায়ী করেন।
তিনি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তফার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে জাপার কোনো দায়িত্ব পালন করবেন না বলে জানিয়ে নিজে যুগ্ম সম্পাদকের পদ ত্যাগের ঘোষণাও দেন।
এ ব্যাপারে গঙ্গাচড়া উপজেলা জাপার সভাপতি মতিয়ার রহমান বলেন, এরশাদের নির্দেশেই তিনি বাসা ভাড়া নিয়ে দলীয় কার্যালয় করেন। কিন্তু আসিফ শাহারিয়ারের লোকজন অফিসের আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করেছে।
এ ব্যাপারে আসিফ শাহারিয়ার বলেন, একটি মহল তার বিরুদ্ধে এরশাদকে বুঝিয়েছে ক্ষেপিয়ে তুলেছে।
তাকে না জানিয়ে গঙ্গাচড়ায় দলীয় কার্যালয় স্থাপন করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
অফিসে হামলার ব্যাপারে তিনি বলেন, "পুরো ঘটনা জানিনা। বিষয়টি দেখছি।"
গঙ্গাচড়া থানার ওসি আমজাদ হোসেন জাপা অফিস ভাংচুরের কথা স্বীকার করে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৪ ঘ.
bdnews24