ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অস্থিরতার জন্য আবারো সরকারকে দায়ী করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
শুক্রবার বিকালে এক সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
তিনি বলেন, "সরকার পুঁজিবাজারকে ধ্বংস করে দিয়েছে। ৩৩ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীকে তারা পথে বসিয়ে দিয়েছে। তাদের আর্তনাদে ঢাকার রাজপথ আজ প্রকম্পিত হচ্ছে। "
গত সপ্তাহে পুঁজিবাজারে দরের সর্বোচ্চ পতন এবং সর্বোচ্চ উত্থানের পর আবার ব্যাপক দরপতনে বুধবার ও বৃহস্পতিবার ঢাকা এবং চট্টগ্রামে বিনিয়োগকারীরা বিক্ষোভ করেন।
বুধবার ডিএসইতে ২২৫ পয়েন্টে সার্কিট ব্রেকার আরোপ করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। অস্থির পুঁজিবাজারে লেনদেনের সময় চার ঘণ্টা থেকে কমিয়ে দুই ঘণ্টাও করা হয়েছে।
এ অবস্থায় বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন শুরুর ৫ মিনিটের মাথায় সাধারণ সূচক ৬০০ পয়েন্ট পড়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে লেনদেন বন্ধ হয়ে যায়। এরপরই রাস্তায় নামেন বিনিয়োগকারীরা। সার্কিট ব্রেকার অতিক্রম করায় বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ হয়ে গিয়েছিলো। যার কারণে বিনিয়োগকারীরা বিক্ষোভ করেন।
রাষ্ট্র পরিচালনায় মহাজোট সরকার 'ব্যর্থ' হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, "পৌর নির্বাচনের মাধ্যমে জনগণের রায় শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী দিনগুলোতে জনগণ জেগে উঠবেই।''
তিনি সরকার বিরোধী আন্দোলনের প্রস্তুতি নিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ছাত্রদলের নেতা-কর্মীদের আহবানও জানান।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শোভাযাত্রার আগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সংক্ষিপ্ত সমাবেশের পরপরই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক মোড় হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হয়।
জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি, জাতীয় পতাকা, রঙিন উৎসব পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মীরা শোভাযাত্রায় অংশ নেয়।
সমাবেশে ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনসহ মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮১২ ঘ.
bdnews24