ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর নির্বাচনের ফলাফলকে মাঠ পর্যায়ের 'গণভোট' অভিহিত করে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, এই ফলাফল আগামী জাতীয় নির্বাচনেও ক্ষমতাসীন দলের পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, "পৌর নির্বাচনের ফলাফলে সরকারের মধ্যে অনেকে বলছেন- এটা স্থানীয় নির্বাচন, এমন কিছু নয়। এর সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো যোগসূত্র নেই। তারা ( সরকার ) দিবাস্বপ্ন দেখছেন।"
"এটা সরকারের জন্য কেবল সতর্ক সঙ্কেতই নয়, আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয়ের ইঙ্গিত। এখনো সময় আছে, সংশোধন হোন। মানুষের মনে কথা বুঝতে চেষ্টা করুন", বলেন তিনি।
এ মাসে চার দিনে দেশের প্রায় আড়াইশ পৌরসভায় নির্বাচন হয়েছে। এতে মেয়র পদে সরকার ও বিরোধী দলের সমর্থকদের বিজয়ীর সংখ্যা প্রায় সমান।
জাতীয় নির্বাচনে বিএনপির ভরাডুবির পর পৌর নির্বাচনের ফল সরকারের প্রতি জনগণের অনাস্থা বলে বিরোধী নেতারাবলে আসছেন। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মনে করছেন, এতে সরকারের জনপ্রিয়তা কমে যাওয়ার প্রমাণ মেলে না।
পৌর নির্বাচন সম্পর্কে মওদুদ বলেন, প্রশাসনকে ব্যবহার করে সরকারি দল জোর-জবরদস্তি করে জনগণের মতামতকে পাল্টানোর চেষ্টা করেছে। বরিশাল ও বৃহত্তর নোয়াখালীতে সরকারি দলের সেই 'ফ্যাসিস্ট' চরিত্র ফুটে উঠেছে। শত বাধা-বিপত্তির মধ্যেও জনগণ সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে।
"পৌর নির্বাচনে স্থানীয় প্রশাসনের পক্ষপাতিত্বে নির্বাচন কমিশনের ভূমিকা ছিলো অসহায়", বলেন তিনি।
'বাংলাদেশি সচেতন জনগোষ্ঠী' নামে একটি সংগঠনের উদ্যোগে 'চলমান রাজনীদিত, গণতন্ত্র ও মানবাধিকার' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন মওদুদ।
বিরোধী দলের ওপর সরকার দমন-পীড়ন চালাচ্ছে অভিযোগ করে মওদুদ বলেন, "সরকারের এক নম্বর এজেন্ডা হচ্ছে, জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করে দেওয়া। তারা গত দুই বছরের বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছে। অনেককে হত্যা করেছে, নির্যাতন করেছে। অন্যদিকে রাজনৈতিক মামলার কথা বলে নিজেদের বিরুদ্ধে করা হাজার হাজার খুন-হত্যা-ধর্ষণ মামলা প্রত্যাহার করে নিয়েছে।"
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারি দলের 'ব্যবসায়ী সিন্ডিকেট' দায়ী অভিযোগ করে মওদুদ বলেন, "ভরা মৌসুমে চালের দাম বেড়েছে। কোনো ব্যবস্থা নেই। হত দরিদ্ররা গ্রামে চরম বিপাকের মধ্যে আছেন। দেশে আজ নিরব দুর্ভিক্ষ চলছে।"
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা এমএ লতিফ খান, ঢাকার ওয়ার্ড কাউন্সিলর আহসানউল্লাহ আহসান, সাংবাদিক অলিউল্লাহ নোমান, আবুল হোসেন আবদুল্লাহ, সংগঠনের আহ্বায়ক একেএম লুৎফুল বারী মুকুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৩০ ঘ.
bdnews24