ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কর্মী সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে ঝিগাতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শেখ শাহনেওয়াজ সুলতান (২৩), ফেরদৌস ওয়াহিদ (২৩), নওয়াজিশ আজম (২২), আসিফুর রহমান (২৩), এস এম তৌহিদুল ইসলাম (১৮) ও এস এম আলামিন (২০)। ।
র্যাব-২ এর সহকারী পরিচালক শাফিউল সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
শাফিউল সারোয়ার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/১৪৫৩ ঘ.
bdnews24