ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অস্থিরতার জন্য সরকারকে দায়ী করে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই বিনিয়োগকারীরা সর্বশান্ত হয়।
বৃহস্পতিবার দুপুরে তিনি এক আলোচনা সভায় বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় এলে পুঁজিবাজারে ধস নামে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা সর্বস্বান্ত হয়ে রাস্তায় বসে যায়।"
এ প্রসঙ্গে ১৯৯৬ সালে পুঁজিবাজারে ব্যাপক দর পতনের কথা তুলে ধরেন মোশাররফ। ওই সময়ও আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, "গত কয়েকদিনে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যেভাবে রাস্তায় বিক্ষোভ করেছে, তা থেকে বোঝা যায়- কীভাবে সাধারণ বিনিয়োগকারীদের লাখ লাখ টাকা লুট হয়েছে।"
"বিএনপির আমলে কখনো পুঁজিবাজারে এরকম অবস্থা সৃষ্টি হয়নি। এ থেকে জনগণ বুঝে গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় এলে বাজারে কেন ধস নামে", বলেন তিনি।
মোশাররফ এ কথা বলার আগে দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী এক সংবাদ সম্মেলনে বলেন, বাজারে অস্থিরতার জন্য সরকারকে দায়ী করা যায় না। কারণ বাজার চলে বাজারের নিয়মে।
গত এক মাসের বেশি সময় ধরে দেশের পুঁজিবাজারে অস্থিরতা চলছে।
জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মোশাররফ।
পৌর নির্বাচনের ফলাফল নিয়ে তিনি বলেন, "এই নির্বাচনে সরকারি দল বিভিন্ন স্থানে ভোট ডাকাতি, কেন্দ্র দখল করেও যে ফলাফল হয়েছে, তার মাধ্যমে সরকারের প্রতি অনাস্থার প্রতিফলন ঘটেছে।''
মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর সভাপতি সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৪০ ঘ.
bdnews24