২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারকে 'হলুদ কার্ড' দেখিয়েছে জনগণ: মোশাররফ

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পৌর নির্বাচনে সরকারকে 'হলুদ কার্ড' দেখিয়েছে জনগণ। ভবিষ্যতে তাদের 'লাল কার্ড' দেখাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পৌর নির্বাচনে সরকারকে 'হলুদ কার্ড' দেখিয়েছে জনগণ। ভবিষ্যতে তাদের 'লাল কার্ড' দেখাবে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, "শত বাঁধা ও রক্তচক্ষু উপেক্ষা করে পৌর নির্বাচনে যেখানেই জনগণ সুযোগ পেয়েছে, সেখানেই জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে রায় দিয়েছে। সরকারকে বলব, এজন্য আপনারা প্রস্তুত থাকুন।'' পর্যায়ক্রমে চারদিনে সাতটি বিভাগের ২৪২টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠান শেষ হয়েছে। সাত বিভাগের এ পর্যন্ত পাওয়া ফলে সরকারি দল আওয়ামী লীগের চেয়েও অল্প ব্যবধানে এগিয়ে আছে প্রধান বিরোধীদল বিএনপি সমর্থিত প্রার্থীরা। ফল ঘোষণা করা ২৩৫টি পৌরসভার মধ্যে প্রধান বিরোধীদল বিএনপি সমর্থিত প্রার্থীরা ৯৩ পৌরসভায় নির্বাচিত হয়েছেন। অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিতরা জিতেছেন ৮৮টি পৌরসভায়। দুই দলের ব্যবধান ৫। পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার জন্য দলের পক্ষ থেকে ভোটারদের অভিনন্দন জানান খন্দকার মোশাররফ। মহানগর নাট্যমঞ্চে বিএনপির উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। দর্শকসারিতে বসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আলোচকদের বক্তব্য শোনেন। একই সারিতে দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সহসভাপতি শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজুলর রহমান পটল, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, আবদুল হালিম, রহুল আলম চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দলীয় সাংসদ ও অঙ্গসংগঠনের নেতারা ছিলেন। এর আগে সকালে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ অর্পণ করেন খালেদা জিয়া। ১৯৩৬ সালের এই দিনে জিয়াউর রহমান বগুড়ার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। আলোচনা সভায় সর্বশেষ বক্তা খন্দকার মোশাররফ অভিযোগ করেন, পৌর নির্বাচনে জনগণের রায়কে রুখতে সরকার অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। কিন্তু এসব উপেক্ষা করে ভোটাররা জাতীয়তাবাদী দল সমর্থিত প্রার্থীদের নির্বাচিত করে সরকারের বিরুদ্ধেই রায় দিয়েছে। দেশের আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য পরিস্থিতি তুলে ধরে সাবেক এই মন্ত্রী দাবি করেন, সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ আজ অতিষ্ঠ। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। "সীমান্তে ফেলানীর লাশ ঝুলে থাকে। এদের (সরকারের) হাতে আজ দেশ ও সীমান্ত কোনটিই নিরাপদ নয়", বলেন তিনি। চট্টগ্রাম সিটি করপোরেশ নির্বাচনে জাতীয়তাবাদী দল সমর্থিত প্রার্থীর বিজয়ের পর সরকার ঢাকা সিটি করপোরেশ নির্বাচন বিলম্বিত করছে অভিযোগ করে খন্দকার মোশাররফ বলেন, নির্বাচন কমিশন দুইবার ঢাকা সিটি নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিলেও সরকার তা পিছিয়ে দিয়েছে। তিনি খালেদা জিয়ার নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ জিয়ার উৎপাদনের রাজনীতি অনুসরণের আহ্বান জানান। পঞ্চম সংশোধনীর বিষয়ে তিনি বলেন, '' পঞ্চম সংশোধনী এখন অবৈধ ঘোষণা করা হয়েছে। ৩০/৪০ বছর পর হলেও তা আবার ফিরে আসবে। এটা জাতির অন্তরের কথা ও বিশ্বাস।'' অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, পৌর নির্বাচনে বিজয়ে বিএনপিকে উল্লসিত হলে চলবে না। দলকে আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ করতে হবে। কারণ, সামনে তাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শওকত মাহমুদ, শামসুজ্জামান দুদু, কবি আল মুজাহিদী, আবদুল হাই শিকদার, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক। পরে জাসাসের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১০৬ ঘ.