২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পুলিশ-বিএনপি'র সংঘর্ষ, ফাঁকা গুলি

মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

হবিগঞ্জ, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ফাঁকা গুলি বর্ষণ করে। বুধবার বিকালে ভোট কারচুপির অভিযোগ এনে নবীগঞ্জ পৌরসভার নির্বাচন বাতিলের দাবিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিছিল করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। পুলিশ বলেছে, বিএনপি নেতাকর্মীরা থানায় হামলা করতে চেয়েছিলো। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে ৩টায় নির্বাচন বাতিলের দাবি জানিয়ে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুস শহীদ গোলাপ। সংবাদ সম্মেলন শেষে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের বাদানুবাদ হয়। এক পর্যায়ে বিএনপি কর্মীরা কমিউনিটি সেন্টারের একটি কক্ষে নবীগঞ্জ থানার ওসি আক্তার হোসেনসহ ৮-১০ জন পুিলশ সদস্যকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশের আরেকটি দল তাদের উদ্ধার করে। এসময় বিএনপি কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পুলিশের পিকআপ ভ্যান ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ২২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে দাঙ্গা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিপেটায় বিএনপি কর্মী মামুন, মাহমুদ, ইছমত গুরুতর আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা গ্রেপ্তারের ভয়ে হাসপাতালে ভর্তি হয়নি বলে স্থানীয়রা জানিয়েছে। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) এস এম সিরাজুল হুদা সাংবাদিকদের জানান, পৌর নির্বাচনে পরাজিত প্রার্থী আব্দুস শহীদ গোলাপের নেতৃত্বে বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। নির্বাচনের পরদিন এবং ২৭ জানুয়ারি উপ-নির্বাচনের আগে কোনো ধরনের মিছিল করতে নিষেধ করে পুলিশ। এতে তারা উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ কর্মকর্তা জানান, হামলায় উপ-পরিদর্শক (এসআই) দোস্ত মোহাম্মদ, কনস্টেবল বাবুল, হরিভক্ত, শামীম, হায়দার, কুদ্দুস, জাহির আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দফায় ২২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার সত্যতা নিশ্চিত করেছেন এএসপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৭ ঘ.