২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে হরতাল পালিত

পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্র দখলের অভিযোগ ও পুনর্নির্বাচনের দাবিতে বুধবার বিএনপি নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে সকাল-সন্ধ্যা হরতাল করেছে। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 02:24 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্র দখলের অভিযোগ ও পুনর্নির্বাচনের দাবিতে বুধবার বিএনপি নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে সকাল-সন্ধ্যা হরতাল করেছে। হরতাল চলাকালে ফেনীতে একটি বাসে বোমা হামলা ও অপর একটি ভাংচুর করা হয়। আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মঙ্গলবার পৌরসভা নির্বাচনে বৃহত্তর নোয়াখালীতে ভোট চলাকালে ক্ষমতাসীন দলের ভোটকেন্দ্র দখলের অভিযোগে এ হরতাল ডাকে স্থানীয় বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নোয়াখালী প্রতিনিধি জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বেশিরভাগ দোকনপাট বন্ধ ও যানবাহন চলাচল বন্ধ ছিল। সকাল থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেন। সারাদিন আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা শহরে টহল দিয়েছে। বিএনপি'র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মো. শাহজাহানের নেতৃত্বে সকাল সাড়ে ১০টার দিকে শহরে হরতাল সমর্থকদের একটি মিছিল বের হয়। মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে তারা প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে মো. শাহজাহান, মেয়র প্রার্থী হারুনুর রশিদ আজাদ ও স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য রাখেন। মঙ্গলবারের পৌর নির্বাচন ১৯৮৮ সালের ভোট ডাকাতির নির্বাচনকেও হার মানিয়েছে অভিযোগ করে বক্তারা নোয়াখালী পৌরসভার সব কেন্দ্রের ভোট বাতিলের দাবি জানান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পিকেটাররা শহরের সোনাপুর, দত্তেরহাট, পৌর বাজার, পাঁচ রাস্তার মোড়, বড় সমজিদ মোড়, মহিলা কলেজ রোড ও বিভিন্ন স্থানে পিকেটারদের সংখ্যা বাড়তে থাকে। তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতার সঙ্গে তাল মিলিয়ে তারা সময় সময় অবস্থান পরিবর্তন করে। সেনবাগ পৌর এলাকায়ও দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ ছিল। নির্বাচন চলাকালে নোয়াখালী, সেনবাগ, ফেনী ও লক্ষ্মীপুর পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জন করেন। ওই সময় মো. শাহজাহানের নোয়াখালী জেলা শহরের বাসায় এক সংবাদ সম্মেলনে পুনরায় পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়। নির্বাচন কমিশন সেনবাগের সব কেন্দ্রের এবং নোয়াখালী পৌরসভার ২৫টির মধ্যে ১৭টি কেন্দ্রের ভোট স্থগিত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, জেলা শহরে বেশিরভাগ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। যানবাহনও তেমন চলাচল করেনি। সকাল থেকে হরতালের সমর্থনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেন। মান্দারী, জকসিন, দত্তপাড়া, চন্দ্রগঞ্জ ও দালাল বাজারে বিএনপিকর্মীরা মিছিল ও পিকেটিং করে। লক্ষীপুর-ঢাকা সড়কের যাদিয়ায় রাস্তায় গাছ ফেলে অবরোধ করে। জেলা শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। হরতাল শেষে জেলা বিএনপি কার্যালয়ে একটি সমবেশে কেন্দ্রীয় ও জেলা নেতারা বক্তব্য রাখেন। বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী লক্ষ্মীপুর ও রামগঞ্জ পৌরসভায় প্রহসন ও কারচুপির নির্বাচন বাতিল দাবি করেন। তিনি ভোটকেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগও করেন। জেলা বিএনপি সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান, মেয়র প্রার্থী হাসানুজ্জামান চৌধুরী মিন্টু প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । ফেনী প্রতিনিধি জানান, হরতাল চলাকালে জেলা শহরে বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। কিছু কিছু সড়কে অল্প কয়েকটি রিকশা চলাচল করেছে। দূরপাল্লায় যানবাহন চলাচল করেনি। শহরের টাউন সার্ভিসের একটি বাসে বোমা হামলা এবং একটি গাড়ি ভাংচুর করে পিকেটাররা। তবে এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/ডিডি/২০১৩ ঘ.