ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপিনেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ হয়েছে ১৯ মার্চ।
বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা বিচারিক হাকিম ইব্রাহীম মিয়া এ তারিখ নির্ধারণ করেন।
এর আগে সকালে সাকা চৌধুরীর জামিন আবেদন চট্টগ্রাম জজ আদালতে নামঞ্জুর হয়। জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে তা নামঞ্জুর করেন।
এই মামলায় তাকে নিম্ন আদালতে হাজির করার জন্য ঢাকা থেকে চট্টগ্রাম কারাগারে আনা হলেও আদালতে হাজির করানো হয়নি।
সাকা চৌধুরীর আইনজীবী এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাকে চট্টগ্রামের জেলা বিচারিক হাকিম ইব্রাহীম মিয়ার আদালতে হাজির করার কথা ছিলো। কিন্তু মামলার নথি আদালতে না আসায় তাকে হাজির করা হয়নি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা পিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারিক হাকিম শুনানি শেষে আগামী ১৯ মার্চ এ মামলার পরবর্তী দিন নির্ধারণ করেন।
এদিকে, দুপুর সোয়া ১টার দিকে আদালত ভবন চত্বরে সাকা চৌধুরীর সমর্থক ও বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাকা চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা একটি মামলার বাদি ফটিকছড়ির আবু তাহের সোয়া একটার দিকে তার অনুসারী ১০-১৫ জনকে সঙ্গে নিয়ে আাদলত ভবনের সামনে গেলে সাকা'র অনুসারী বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয় এবং পুলিশের ওপর চড়াও হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একপর্যায়ে সাকা'র অনুসারীদের ওপর মৃদু লাঠিচার্জ করে।
কোতয়ালী থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থল থেকে সাকা চৌধুরীর ছয় অনুসারীকে গ্রেপ্তার করা হয়েছে।
আদালত ভবনের বাইরে সকাল থেকে সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, মেয়ে ফারাহানা কাদের চৌধুরী, দুই ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও ফাইয়াজ কাদের চৌধুরীসহ বিএনপি সমর্থক আইনজীবী ও সাকার সমর্থকরা ভিড় জমায়।
সাকা চৌধুরীকে চট্টগ্রাম কারাগারে রাখা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় হাজিরার জন্য মঙ্গলবার বিকালে সড়কপথে তাকে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।
ফটিকছড়ি থানায় গত বছরের ২১ ডিসেম্বর সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেন সংশ্লিষ্ট থানার ওসি মফিজ উদ্দিন। একই থানার পরিদর্শক (তদন্ত) আলতাফ হোসেন মামলার তদন্ত করছেন।
এর আগে ফটিকছড়ি এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগকর্মী আবু তাহের ২০০৯ সালের ৩ ডিসেম্বর সাকা চৌধুরীর বিরুদ্ধে একই অভিযোগ এনে আদালতে মামলা করেন।
ফটিকছড়ির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৗধুরীকে গত ১৬ ডিসেম্বর রমনা থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যকে যুদ্ধাপরাধের মামলায়ও ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮৫৯ ঘ.
bdnews24