ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগ মনে করে পৌর নির্বাচন 'সুষ্ঠুভাবে সম্পন্ন' হয়েছে। একে সরকারের সবচেয়ে বড় সাফল্য হিসাবে দেখছে দলটি।
বুধবার আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে পৌরসভা নির্বাচনের ফল নিয়ে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
গত ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি সমর্থিত ৯৩ জন প্রার্থী, আওয়ামী লীগ সমর্থিত ৮৮ জন, জামায়াতে ইসলামী সমর্থিত পাঁচজন, জাতীয় পার্টির দুইজন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির একজন, স্বতন্ত্র ১৭ জন, আওয়ামী লীগের 'বিদ্রোহী' ২০ জন এবং বিএনপির নয়জন 'বিদ্রোহী প্রার্থী' জয়ী হন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহাবুব-উল-আলম হানিফ এ নির্বাচনকে সরকারের একটি বড় অর্জন হিসাবে অভিহিত করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পৌরসভা নির্বাচন কোনোক্রমেই দলীয় নির্বাচন নয়। এই নির্বাচন হয় ব্যক্তির ভাবমূর্তিতে। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চেয়েছিলাম এবং তা পেরেছি। এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।"
তিনি অভিযোগ করেন, সরকারের সাফল্য ম্লান করতেই শেষ দিকে এসে নোয়াখালী ও ফেনীতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বিএনপি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, "সরকারের সামনে চ্যালেঞ্জ ছিলো- অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এই ফলাফল নিরপেক্ষ নির্বাচনের কারণেই সম্ভব হয়েছে। এটা সরকারের একটি সাফল্য।"
"দিস ইজ অ্যা ওয়েক আপ কল ফর আস," বলেন তিনি।
ওবায়দুল কাদের আরো বলেন, "আমাদের এখন দেখতে হবে- বিদ্রোহী প্রার্থী কেন হলো? মনোনয়নে কোনো ক্রটি ছিলো কি না? বিদ্রোহী প্রার্থীদের ম্যানেজ করতে টিম ওয়ার্ক ঠিক মতো কাজ করেছে কি না?"
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহিউদ্দিন খান আলমগীর পৌরসভা নির্বাচনকে 'দলীয় নির্বাচন' হিসাবে দাবি করেন। তিনি বলেন, "এটা অবশ্যই দলীয় নির্বাচন। এই নির্বাচন স্থানীয়ভাবে প্রভাবিত। এই নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। এই ধারা বজায় থাকলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে।"
নির্বাচনে ফল বিপর্যয়ের কারণ হিসাবে দলের সাংসদ এবং স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের প্রভাব বিস্তারের অসম প্রতিযোগিতাকে দায়ী করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগে সমন্বয়ের অভাব ছিলো। বিদ্রোহী প্রার্থীদের মনোভাব পরিবর্তন করার জন্য যে সব সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছিলো তাদের সে সামর্থ্য ছিলো না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেবি/পিডি/১৮৪৭ ঘ.
bdnews24