২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন পুলিশ কর্মকর্তাকে আদালতে তলব

সাংবাদিক নির্যাতন ও 'ক্রসফায়ারের' হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে তিন পুলিশ কর্মকর্তাকে আগামী ২৬ জানুয়ারি আদালতে হাজির হতে বলেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 12:41 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক নির্যাতন ও 'ক্রসফায়ারের' হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে তিন পুলিশ কর্মকর্তাকে আগামী ২৬ জানুয়ারি আদালতে হাজির হতে বলেছে হাইকোর্ট। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। তিন পুলিশ কর্মকর্তা হলেন, গোয়ালন্দ পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ আহমেদ, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কবির। একই সঙ্গে আদালত বেআইনিভাবে নির্যাতন ও চাঁদাবাজির অপরাধে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তিন সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মানিকগঞ্জ ও ফরিদপুরের পুলিশ সুপারিনটেন্ডেট (এসপি) ও শিবচর থানার ওসিকে নির্দেশ দিয়েছে। আরিচাঘাটে 'পুলিশের চাঁদাবাজি' প্রতিরোধে একটি তদারক কমিটি করতেও আইজিপিকে নির্দেশ দিয়েছে আদালত। বাংলা দৈনিক জনকণ্ঠে গত ১৭ জানুয়ারি পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে মঙ্গলবার দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে এ রায় দেয় আদালত। ওই প্রতিবেদনে বলা হয়, দৈনিক জনকণ্ঠের সাংবাদিক আবদুল্লাহ রায়হান আরিচা ঘাটে পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ করলে পুলিশ তাকে নির্যাতন করে 'ক্রসফায়ারে দেওয়ার' হুমকি দেয়। রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। কিন্তু ঘটনার দিন পুলিশ আইন বহির্ভূতভাবে চাঁদাবাজি করছিল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/এমইউএস/পিডি/১৮৪০ ঘ.