ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরের ব্যাংকের নথিতে আরাফাত রহমান কোকোর মুদ্রা পাচারের প্রমাণ পাওয়া গেছে বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন অ্যাটর্নি জেনারেলের ব্যাক্তিগত সচিব কবির আহম্মেদ।
বুধবার দুপুরে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে কোকো ও ইসমাইল হোসেনের বিরুদ্ধে মুদ্রা পাচারের মামলার সাক্ষ্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
কাফরুল থানার সাবেক ওসি সালাউদ্দিন আহমেদও এদিন আদালতে সাক্ষ্য দেন।
বিচারক মোজাম্মেল হোসেন আগামি ৮ ফেব্র"য়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন নির্ধারণ করেছেন। মামলায় রাষ্ট্রপক্ষে ২৩ জনকে সাক্ষী করা হয়েছে।
২০০৯ সালের ১৭ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-রিচালক আবু সাইদ কাফরুল থানায় মুদ্রা পাচারের এ মামলা দায়ের করেন।
মামলায় খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর বিরুদ্ধে ২৮ লাখ ৮৪ হাজার ৬০৪ সিঙ্গাপুরি ডলার এবং ৯ লাখ ৩২ হাজার মার্কিন ডলার পাচারের অভিযোগ করা হয়। কোকো 'চিকিৎসার জন্য' থাইল্যান্ড রয়েছেন।
সাবেক নৌমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মনও এ মামলার আসামি। তাকে পলাতক দেখিয়ে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
তবে আসামিরা পলাতক থাকায় বুধবার রাষ্ট্রপক্ষের হাজির করা সাক্ষীদের জেরার সুযোগ হয়নি।
আদালতে কবির আহম্মেদ বলেন, "সিঙ্গাপুরের ব্যাংক থেকে কোকোর অ্যাকাউন্টের হিসাব পাঠানো চিঠিটি আমি গ্রহণ করেছি। এতে মুদ্রা পাচারের প্রমাণ পাওয়া গেছে।"
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সিঙ্গাপুরে কোকো ও সাইমনের ব্যাংক হিসাবের বিবরণী চেয়ে চিঠি দিলে ব্যাংক তা পাঠায়।
সালাউদ্দিন তার সাক্ষ্যে বলেন, দুদকের দায়ের করা মামলাটি তিনি লিপিবদ্ধ করেন।
এর আগে গত ৪ জানুয়ারি একই আদালতে মামলার বাদী দুদকের উপ-পরিচালক মো. আবু সাঈদের সাক্ষ্য নেওয়া হয়।
মামলায় বলা হয়, বাংলাদেশের কয়েকটি অবকাঠামো প্রকল্পের কাজ পাওয়ার জন্য বিদেশি কোম্পানির ঘুষের টাকা সিঙ্গাপুরে কোকোর ব্যাংক হিসাবে জমা হয়েছিল।
দুদক এ মামলায় ২০০৯ সালের ১২ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে কোকো ও ইসমাইলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গতবছর ৩০ নভেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
অভিযোগ প্রমাণ হলে তাদের সর্বোচ্চ সাত বছর কারাভোগ করতে হবে।
কোকোকে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের মে মাসে তাকে সাময়িক মুক্তি (প্যারোল) দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
এপর থেকে নিয়মিত আবেদন করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিলেন কোকো। তবে গত বছর ১৯ অগাস্ট প্যারোল বাতিল করে ৩১ অগাস্টের মধ্যে তাকে দেশে ফিরে আসতে বলে সরকার।
সাময়িক মুক্তির মেয়াদ বাতিল হওয়ায় গত বছর ৩১ অক্টোবর কোকোর বিরুদ্ধে এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেবি/জেকে/১৭৪৮ ঘ.
bdnews24