২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বাসে বোমা হামলা, ভাংচুর

ফেনীতে হরতাল চলাকালে যাত্রীবাহী বাসে বোমা হামলা ও অপর একটি বাসে ভাংচুর করা হয়েছে। দুটি ঘটনায় ৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 09:37 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ফেনী, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীতে হরতাল চলাকালে যাত্রীবাহী বাসে বোমা হামলা ও অপর একটি বাসে ভাংচুর করা হয়েছে। দুটি ঘটনায় ৫ জন আহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাসে লাতু মিয়া সড়কের মাথায় বাসে বোমা হামলা চালানো হয়। এ ছাড়া মহিপালের হাজী নজির আহমদ সিএনজি ফিলিং স্টেশনের সামনে বাসে ভাংচুর চালানো হয়। শহরের খাজুরিয়া, পশ্চিম রামপুর এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ১৫ থেকে ১৬টি ককটেল বিষ্ফোরিত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এসব ঘটনায় পুলিশ দুই যুবককে আটক করেছে। আহতরা হলেন, বাস যাত্রী আব্দুর রহমান (৬০), শহিদুল ইসলাম সোহেল (২৬), দেলোয়ার হোসেন (২৬), শিরিন আক্তার (২৭) ও রিয়াজ (১০)। প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, দুপুর ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থেকে ঢাকাগামী বাস লাতু মিয়া সড়কের মাথায় এলে পিকেটাররা বাসটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমাটি বাসের ভেতরে বিষ্ফোরিত হলে যাত্রী রহমান, সোহেল ও দেলোয়ার আহত হন। তাদের মধ্যে রহমানকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় একই সময়ে মহিপালের হাজী নজির আহমদ সিএনজি ফিলিং স্টেশনের সামনে টাউন সার্ভিসের একটি বাসে হামলা ও ভাংচুর চালায় পিকেটাররা। এতে শিরিন ও রিয়াজ নামের দুই যাত্রী আহত হয়। এদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। ফেনীর পুলিশ সুপারিনটেন্ডেট (এসপি) মো. ইমাম হোসেন সাংবাদিকদের জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে। আহত রহমানের চিকিৎসা পুলিশের তত্ত্বাবধানে চলছে। তিনি জানান, এ ঘটনার পর পুলিশ মহাসড়কের নাসির মেমোরিয়াল কলেজের সামনে থেকে ওই কলেজের ছাত্র রবিউল আউয়াল ও বসুরহাটের বাসিন্দা নাসির উদ্দিনকে আটক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৫৩৩ ঘ.