ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর জামিন আবেদন চট্টগ্রাম জজ আদালতে নামঞ্জুর হয়েছে।
বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে।
এই মামলায় তাকে নিু আদালতে হাজির করার কথা থাকলেও হাজির করা হয়নি।
সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাকে চট্টগ্রামের জেলা বিচারিক হাকিম ইব্রাহিম মিয়ার আদালতে হাজির করার কথা ছিলো। কিন্তু মামলার নথি আদালতে না আসায় তাকে হাজির করা হয়নি।
সালাউদ্দিন কাদের চৌধুরীর আদালতে হাজিরা উপলক্ষ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আদালত ভবন ও এর আশপাশ এলাকায় বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
আদালত ভবনের বাইরে বিএনপি সমর্থিত আইনজীবী ও সাকার সমর্থকরা ভীড় জমায়।
সাকা চৌধুরীকে চট্টগ্রাম কারাগারে রাখা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় হাজিরার জন্য মঙ্গলবার বিকালে সড়কপথে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।
ফটিকছড়ি থানায় গত বছরের ২১ ডিসেম্বর সাকা চৌধুরীর বিরুদ্ধে ১২৪ (ক) এবং ৫০৫ দণ্ডবিধিতে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেন সংশ্লিষ্ট থানার ওসি মফিজ উদ্দিন। একই থানার পরিদর্শক (তদন্ত) আলতাফ হোসেন মামলার তদন্ত করছেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ২০ নভেম্বর সাংসদ সাকা চৌধুরী তার নির্বাচনী এলাকা ফটিকছড়িতে উপজেলা বিএনপি'র সম্মেলনে বক্তব্যে বলেন, "১৫ অগাস্ট জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ এদিন জাতি একদলীয় শাসন থেকে মুক্তি পেয়েছে। ১৫ অগাস্ট না হলে জাতি ভোটের অধিকার ফিরে পেত না।"
এসব বক্তব্যের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন বলে মামলার বাদি মফিজউদ্দিন এজাহারে উল্লেখ করেন।
এর আগে ফটিকছড়ি এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগ কর্মী আবু তাহের ২০০৯ সালের ৩ ডিসেম্বর সাকা চৌধুরীর বিরুদ্ধে একই অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০১০ সালের ৭ অক্টোবর মামলাটি রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে অনুমোদন দেয়।
ফটিকছড়ির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে গত ১৬ ডিসেম্বর রমনা থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যকে যুদ্ধাপরাধের মামলায়ও ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১২৪৯ ঘ.
bdnews24