২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করছে বিএনপি

নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন করছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 06:06 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন করছে বিএনপি। সকালে দলীয় নেতা-কর্মীদের নিয়ে জিয়ার কবরে পুস্পমাল্য অপর্ণ করেন বিএনপি চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী। নয়া পল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে ভোরে দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সোয়া ১১টার দিকে শেরে বাংলা নগরে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া নেতা-কর্মীদের নিয়ে জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ ও দোয়া পাঠ করেন। পরে তারা জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, আ স ম হান্নান শাহ, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতা, সাংসদ ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর ২টায় আলোচনা সভা। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খালেদা জিয়া। জিয়াউর রহমান ছিলেন 'কার্যত' বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিষ্ঠাতা। সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় তার ঘনিষ্ট তত্ত্বাবধানে দলটি প্রতিষ্ঠা পায়। জিয়াউর রহমান ১৯৫৫ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন পান। ১৯৬০ সালে খালেদা খানমের সঙ্গে তার বিয়ে হয়। মুজিবনগর সরকার গঠিত হলে মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টরের কমান্ডার নিযুক্ত হন তিনি। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য তাকে বীরউত্তম উপাধিতে ভূষিত করা হয়। জিয়াউর রহামন ১৯৭২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ নিযুক্ত হন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমান সপরিবারে নিহত হওয়ার পর ২৫ আগস্ট তিনি চিফ অফ আর্মি স্টাফ নিযুক্ত হন। ১৯৭৫ সালের নভেম্বরে রক্তক্ষয়ী ঘটনাপ্রবাহের পর জিয়াউর রহমান দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন। ১৯৭৬ সালের নভেম্বরে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন তিনি। ওই বছর ২১ এপ্রিল আবু সাদাত সায়েমের পরিবর্তে নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা করেন মেজর জেনারেল জিয়াউর রহমান। ১৯৭৮ সালের সেপ্টেম্বরে তার তত্ত্বাবধানে গঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন। জিয়ার জন্মবার্ষিকী পালন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ১৩ দিনের কর্মসূচি শুরু হয়েছে মঙ্গলবার থেকে। সন্ধ্যায় মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকালে স্বেচ্ছায় রক্তাদান ও বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৩৪৩ ঘ.