ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে রাষ্ট্রদ্রোহ মামলায় হাজিরার জন্য মঙ্গলবার চট্টগ্রামে নেওয়া হয়েছে।
সড়কপথে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারা তত্ত্বাবধায়ক তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকাল ৪টা ৫০ মিনিটে সালাউদ্দিন কাদের চৌধুরীকে চট্টগ্রাম কারাগারে নিয়ে আসা হয়েছে।"
ফটিকছড়ি থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বুধবার সাকা চৌধুরীকে চট্টগ্রাম বিচারিক হাকিম আদালতে হাজিরার দিন ধার্য্য রয়েছে।
গত বছরের ২১ ডিসেম্বর ফটিকছড়ি থানার ওসি মফিজ উদ্দিন সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করেন। একই থানার পরিদর্শক (তদন্ত) আলতাফ হোসেন মামলাটি তদন্ত করছেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০০৯ সালের ২০ নভেম্বর ফটিকছড়িতে উপজেলা বিএনপির সম্মেলনে সাকা চৌধুরী বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
ওই সম্মেলনে তিনি বলেন, "১৫ আগস্ট জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ এদিন জাতি একদলীয় শাসন থেকে মুক্তি পেয়েছে। ১৫ আগস্ট না হলে জাতি ভোটের অধিকার ফিরে পেত না।"
এ ছাড়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রায় প্রসঙ্গে সাকা তার বক্তব্যে বলেছিলেন, "এ রায় জাতি গ্রহণ করেনি। তবে এ হত্যাকাণ্ড থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।"
২০১০ সালের ২৮ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি দেয়।
এর আগে ফটিকছড়ি এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগকর্মী আবু তাহের গত বছরের ৩ ডিসেম্বর সাকা চৌধুরীর বিরুদ্ধে একই অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বছরের ৭ অক্টোবর মামলাটি রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে অনুমোদন দেয়।
ফটিকছড়ির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে গত ১৬ ডিসেম্বর রমনা থানায় একটি মামলায় গ্রেপ্তার করা হয়।
এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যকে যুদ্ধাপরাধের মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/পিডি/১৯০৬ ঘ.
bdnews24