ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিভাগের বৃহত্তর নোয়াখালী ছাড়াও চাঁদপুরের কচুয়া, ছেংগারচর, ফরিদগঞ্জ ও চট্টগ্রামের সন্দ্বীপসহ ১৮ পৌরসভায় পুনর্নির্বাচন দাবি করেছে বিএনপি।
মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংেয়ে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার চট্টগ্রাম বিভাগে ক্ষমতাসীন দলের লোকজন ভোটকেন্দ্র দখল করেছে অভিযোগ করে পুনর্নির্বাচনের এ দাবি জানান।
একই সঙ্গে বৃহত্তর নোয়াখালীর তিন জেলায় বুধবার স্থানীয়ভাবে ডাকা হরতালের প্রতিও সমর্থন জানিয়েছে দলটি।
এম কে আনোয়ার বলেন, "কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করার এক ভয়াবহ পরিস্থিতি আজ সরকারি দল সৃষ্টি করেছে। ওই সব ঘটনার পরও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি দেখে মনে হচ্ছে এর সঙ্গে তারা জড়িত কিংবা তাদের সায় রয়েছে। কারণ অভিযোগ দিয়েও কোনো প্রতিকার আমরা পাইনি।''
দুপুরে সংবাদ ব্রিফিংয়ে ক্ষমতাসীনদের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ এনে বৃহত্তর নোয়াখালীর সব পৌরসভায় নির্বাচন স্থগিত এবং পুনর্নির্বাচনের দাবি জানায় বিএনপি।
নোয়াখালীর সাতটি, লক্ষ্মীপুরের চারটি এবং ফেনীর তিনটি পৌরসভায় নির্বাচনে ভোট গ্রহণ হয়। এর মধ্যে নোয়াখালীর সেনবাগ পৌর নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৮ পৌরসভায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের ১০ জেলার ৪২ পৌরসভায় এবং সিলেট বিভাগের চার জেলার ১৬ পৌরসভায় নির্বাচন হয়েছে।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুরে এই সংবাদ ব্রিফিং হয়।
এম কে আনোয়ার অভিযোগ করেন, চট্টগ্রামের বাঁশখালী, চন্দ্রনাইশ, মীরেরসরাই, সাতকানিয়া, পটিয়ায় বিভিন্ন কেন্দ্র দখল করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দলীয় প্রার্থী ও কর্মীদের মারধোর করেছে। এতে অনেক কর্মী-সমর্থক আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
এক প্রশ্নের জবাবে এম কে আনোয়ার বলেন, "এই সরকারের প্রশাসনের অধীনে কোনোভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, চট্টগ্রাম বিভাগের পৌর নির্বাচন তার প্রমাণ। এই সরকার নির্বাচনবিরোধী সরকার।"
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল
bdnews24