চাঁদপুর, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ছেংগারচর পৌরসভার চারটি ভোটকেন্দ্রে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন।
বিএনপি সমর্থিত প্রার্থী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা কেন্দ্র দখল করে জাল ভোট দিচ্ছে।
সংঘর্ষের কারণে বেলা ১১টা থেকে সোয়া ১১টা পর্যন্ত বেসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ বন্ধ ছিলো বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ডা. এমরান।
"সংঘর্ষের খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে দ্রুত পরিস্থিতি শান্ত করে", বলেন তিনি।
ছেংগারচর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বেসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২ নম্বর ওয়ার্ডের সিকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪ নম্বর ওয়ার্ডের ঠাকুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬ নম্বর ওয়ার্ডের ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে বেলা ১১টা পর্যন্ত কয়েক দফা ধাওয়া-ধাওয়ি ও সংঘর্ষ হয়।
বেসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আমেনা বেগমের সমর্থক সাইফুল ইসলাম (৩০) এবং কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহানসহ (৫০) বেশ ক'জন আহত হয়েছে।
মতলব উত্তর থানার ওসি রুস্তম আলী শিকদার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই চারটি কেন্দ্রে সংঘর্ষ হলেও পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
ছেংগারচর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত আমেনা বেগম (তালা) ও আওয়ামী লীগ সমর্থিত হাজী মো. বিল্লাল (আনারস) অংশগ্রহণ করছেন।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, ফরিদগঞ্জ ও মতলবসহ ছয়টি পৌরসভার ভোটগ্রহণ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১২২২ ঘ.
bdnews24