মৌলভীবাজার, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভায় কাউন্সিলর পদে সংরক্ষিত মহিলা আসনের এক প্রার্থী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে এ মৃত্যু নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন।
শ্রীমঙ্গলের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী শাশ্বতী নাগ মঙ্গলবার ভোটের দিন সকাল সাড়ে ১১টার দিকে মারা যান। তার বয়স হয়েছিলো ৫৫ বছর।
শাশ্বতীর ভাই নিহারেন্দু কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ইলিয়াস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাশ্বতী। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মারা যান তিনি।
হৃদরোগে আক্রান্ত হয়ে শাশ্বতীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কান্তিভূষণ আচার্য।
প্রার্থীর মৃত্যুর বিষয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতে নির্বাচন ব্যাহত হবে না। ভোটগ্রহণ চলবে।
সিলেট বিভাগের অন্য পৌরসভাগুলোর মতো শ্রীমঙ্গলেও সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০০ ঘ.
bdnews24