২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী হবিগঞ্জে গণ্ডগোল, ব্যালটবাক্স ছিনতাই

চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ পৌরসভায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলেও ফেনী ও হবিগঞ্জে গোলযোগ হয়েছে। ফেনীতে মারধরের শিকার হয়েছেন নির্বাচন কর্মকর্তা, ছিনতাই হয়েছে ব্যালট বাক্স। হবিগঞ্জের একটি কেন্দ্রে সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 05:30 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ পৌরসভায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলেও ফেনী ও হবিগঞ্জে গোলযোগ হয়েছে। ফেনীতে মারধরের শিকার হয়েছেন নির্বাচন কর্মকর্তা, ছিনতাই হয়েছে ব্যালট বাক্স। হবিগঞ্জের একটি কেন্দ্রে সংঘর্ষ হয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৮ পৌরসভায় মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। তা একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এসব পৌর এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফেনী পৌরসভার চারটি এবং পরশুরাম পৌরসভার একটি কেন্দ্রে গোলযোগের খবর পাওয়া গেছে। সকাল সাড়ে ৮টার দিকে ফেনী পৌরসভার বালিকা বিদ্যা নিকেতন কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা শাহ আলম পাটোয়ারিকে মারধর করে এক দল যুবক। তবে সেখানে ভোটগ্রহণ চলছে। এর কিছু সময় পর বারাইপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালটবাক্স ছিনতাই হয়। সেখানে ভোটগ্রহণ বন্ধ হয়ে গেছে। ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থী ফারুক হারুনের এজেন্ট মোহাম্মদ রাসেলকে সরকার সমর্থকরা বের করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সহদেবপুর খায়রুল এছাক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৬ জন। পরশুরাম পৌরসভার বাঁশপেটুয়া কেন্দ্রে ব্যালট ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেখানে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সাদ আহমেদ মারধরের স্বীকার হয়েছেন। গোলযোগের কারণে সেখানে সকাল ১০টা থেকে আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিলো। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফেনীর জেলা রিটার্নিং কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেছেন, "ফেনী বালিকা বিদ্যা নিকেতন কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করা হয়েছে বলে শুনেছি। বারাইপুরে দুটি ব্যালটবাক্স ছিনতাই হয়েছে।" হবিগঞ্জ পৌরসভার টাউন মডেল বালক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৮টার দিকে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে সেখানে যান বর্তমান মেয়র ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী জি কে গউস। তখন তার সঙ্গে জেলা যুবলীগের নেতাদের সঙ্গে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে কিছু সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়াও চলে। আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারে প্রতি পৌরসভায় একজন করে বিচারিক ও একজন করে নির্বাহী হাকিম নিয়োজিত রয়েছে। চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের নির্বাচনী এলাকাগুলোয় নির্বাহী হাকিমের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা সর্বত্র টহলে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.