২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর নির্বাচনে বিরোধ নিষ্পত্তিতে ট্রাইব্যুনাল

পৌর নির্বাচনের বিরোধ নিষ্পত্তির জন্য জেলা পর্যায়ে 'নির্বাচনী ট্রাইব্যুনাল' গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলাফল সরকারিভাবে প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচন বিষয়ে ক্ষুব্ধ মেয়র, সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীরা এ ট্রাইব্যুনালে মামলা করার সুযোগ পাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 03:43 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর নির্বাচনের বিরোধ নিষ্পত্তির জন্য জেলা পর্যায়ে 'নির্বাচনী ট্রাইব্যুনাল' গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলাফল সরকারিভাবে প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচন বিষয়ে ক্ষুব্ধ মেয়র, সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীরা এ ট্রাইব্যুনালে মামলা করার সুযোগ পাবেন। ইসি সচিবালয়ের উপ সচিব (আইন) মো. হেলাল চৌধুরীর রোববার সই করা এক পত্রে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নির্বাচন বিরোধ সংক্রান্ত দায়ের করা নির্বাচনী দরখাস্ত গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির লক্ষ্যে দেশের ৬৪ জেলায় যুগ্ম জেলা জজ (১ম আদালত) পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের দিয়ে পৌরসভাগুলোর জন্য এ ট্রাইব্যুনাল করা হলো। স্থানীয় সরকার (পৌরসভা) আইনে বলা হয়েছে, এই আইনের অধীন অনুষ্ঠিত কোনো নির্বাচন বা গৃহীত নির্বাচনী কার্যক্রম বিষয়ে নির্বাচন ট্রাইব্যুনাল ছাড়া কোনো আদালত বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে আপত্তি উত্থাপন করা যাবে না। কোনো নির্বাচনের প্রার্থী ছাড়া অন্য কোনো ব্যক্তি ওই নির্বাচন বা নির্বাচনী কার্যক্রম বিষয়ে আপত্তি উত্থাপন ও প্রতিকার প্রার্থনা করে নির্বাচন ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন না। আইন অনুযায়ী, পৌরসভা নির্বাচনের ফলাফলের গেজেটে প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে নির্বাচন বা নির্বাচনী কার্যক্রম বিষয়ে আপত্তি উত্থাপন ও প্রতিকার প্রার্থনা করিয়া নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করা যাবে। এ ধরনের কোনো মামলা দায়ের করা হলে নির্বাচন ট্রাইব্যুনাল মামলা দায়ের হওয়ার তারিখ হতে ১৮০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করবে। নির্বাচন ট্রাইব্যুনালের রায়ে কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হলে রায় ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে নির্বাচন আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারবেন এবং এ ধরনের কোনো আপিল হলে নির্বাচন আপিল ট্রাইব্যুনাল আপিল দায়ের হওয়ার তারিখ হতে ১২০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করবে। নির্বাচন আপিল ট্রাইব্যুনালের রায় চূড়ান্ত বলে গণ্য হবে। ৬৪টি জেলায় নির্বাচনী ট্রাইব্যুনালের পাশাপাশি নির্বাচনী আপিল ট্রাইব্যুনালও গঠন করা হয়েছে। পৌরসভা আইনের ২৪ ধারা বলা হয়েছে, এই আইনের অধীন নির্বাচন সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন একজন উপযুক্ত পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তার সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক নির্বাচন ট্রাইব্যুনাল এবং একজন উপয্ক্তু পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তার সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক নির্বাচন আপিল ট্রাইব্যুনাল গঠন করবে। ১২, ১৩, ১৭ জানুয়ারি দেশের ১৮৪ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৫৮ পৌরসভায় এবং ২৭ জানুয়ারি ১৪ পৌরসভায় নির্বাচন হচ্ছে। কয়েকটি পৌরসভায় বেশ কয়েকজন প্রার্থী তাদের অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/০৯৪০ ঘ.