চট্টগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- চট্টগ্রামে নয় পৌরসভার সাতটিতেই বিএনপি সমর্থিত প্রার্থীর পাশাপাশি আওয়ামী লীগের 'বিদ্রোহী প্রার্থীর' সঙ্গেও লড়তে হবে ক্ষমতাসীন দলের প্রার্থীদের।
বিএনপি'র 'বিদ্রোহী প্রাথীর্' রয়েছে তিনটি পৌরসভায়। মঙ্গলবার চট্টগ্রামের নয়টি পৌরসভায় ভোট গ্রহণ হবে।
চট্টগ্রাম জেলার নয়টি পৌরসভার মধ্যে রাঙ্গুনিয়া, রাউজান, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালীতে বিএনপি'র একক মেয়র প্রার্থী রয়েছে। অন্যদিকে শুধু চন্দনাইশ ও সাতকানিয়া পৌরসভায় একক প্রার্থী দিতে পেরেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
নয়টি পৌরসভার সাতটিতে আওয়ামী লীগের 'বিদ্রোহী মেয়র প্রার্থী' মোট নয়জন, বিপরীতে তিনটিতে বিএনপি'র 'বিদ্রোহী প্রার্থী' পাঁচজন।
এবার মেয়র পদে মোট ৪৪ জন, কাউন্সিলর পদে ৩৫৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রাম বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয় জানিয়েছে, নয় পৌরসভায় মোট ভোটার দুই লাখ এক হাজার ৭০৭ জন।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে রাউজান ও রাঙ্গুনিয়া পৌরসভায় সেনাবাহিনী ও সন্দ্বীপ পৌর নির্বাচনে নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। রোববার রাতে সবগুলো পৌরসভায় শেষ হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা।
চট্টগ্রাম বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার এজহারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দায়িত্ব পালনের জন্য একশ পাঁচজন প্রিজাইডিং অফিসার, পাঁচশ ৭১ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও এক হাজার একশ ৪২ জন পোলিং অফিসার নিজ নিজ ভোটকেন্দ্রে পৌঁছে গেছেন।
নয়টি পৌরসভার ১০৫টি কেন্দ্রের ৫৭১টি বুথে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এজহারুল হক জানান, ইতিমধ্যে রাউজান ও রাঙ্গুনিয়ায় সেনাবাহিনী এবং সন্দ্বীপে নৌবাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। বাকি ছয়টি পৌরসভায় আনসার, পুলিশ, বিজিবি ও র্যাবের সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।
১০৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৭টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে উপ-নির্বাচন কমিশনার জানান, প্রতিটি পৌরসভায় ভোট গ্রহণে প্রয়োজনীয় ব্যালট পেপার, কালি, কলম ও সিলসহ অন্যান্য উপকরণও পৌঁছে গেছে।
চট্টগ্রাম জেলায় যেসব পৌরসভায় নির্বাচন হবে- পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী, সাতকানিয়া, রাউজান, রাঙ্গুনিয়া, সন্দীপ, মিরসরাই ও বারৈয়ারহাট পৌরসভা।
আওয়ামী লীগে একাধিক 'বিদ্রোহী'
রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরী। দুই 'বিদ্রোহী প্রার্থী' হলেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান শিকদার ও উত্তর জেলা আওয়ামী লীগ উপ-প্রচার সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী।
খলিলুর রহমানের আবেদনের প্রেক্ষিতে দুই 'বিদ্রোহী প্রার্থীর' প্রার্থীতা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রাঙ্গুনিয়ায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী পৌর বিএনপির সভাপতি মো. এমদাদুল ইসলাম।
পটিয়া পৌরসভায় দলের নির্দেশ উপক্ষো করে মেয়র পদে প্রার্থী হওয়ার অভিযোগে গত সোমবার দল থেকে বহিষ্কার করা হয়েছে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বদিউল আলমকে।
এখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মুহাম্মদ হারুনুর রশিদ। বিএনপি সমর্থিত একক প্রার্থী বর্তমান পৌর মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম। পটিয়ায় জাতীয় পার্টি ও এলডিপির একজন করে প্রার্থী রয়েছেন।
রাউজান পৌরসভাতেও মেয়র পদে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত দুই নেতা প্রার্থী হয়েছেন। দলের সমর্থনে মেয়র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভঅপতি শফিকুল ইসলাম চৌধুরী বেবী। আরেক মেয়র প্রার্থী উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেবাশীষ পালিত।
এখানে বিএনপির একক প্রার্থী কাজী আব্দুল্লাহ আল আহসান।
চন্দনাইশ পৌরসভায় মহাজোট সমর্থিত একক প্রার্থী পৌর আওয়ামী লীগ নেতা মো. শেখ টিপু চৌধুরী। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চন্দনাইশের সাংসদ অলী আহমদের ভাইয়ের ছেলে পৌর এলডিপির সভাপতি ও বর্তমান মেয়র আইয়ুব কুতুবী। এখানে বিএনপি সমর্থিত প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ও নাগরিক কমিটির প্রার্থী নুরুল আনোয়ার।
সর্বাধিক নয়জন মেয়র প্রার্থী প্রতিদ্বতিা করছেন মিরসরাই পৌরসভায়। এখানে আওয়ামী লীগের 'বিদ্রোহী প্রার্থী' দুইজন, বিএনপিতে তিনজন।
মিরসরাই পৌর মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী পৌর বিএনপির সভাপতি ফকির আহমেদ।
পাশ্ববর্তী বারৈয়ারহাট পৌরসভায় আওয়ামী লীগে একজন 'বিদ্রোহী প্রার্থী'। এখানে শুরুতে বর্তমান মেয়র জালাল উদ্দিন বিএনপির কেন্দ্রীয় সর্মথন পেলেও পরবর্তীতে পৌর বিএনপি সভাপতি মঈনুদ্দীন লিটনকে বিএনপি মেয়র পদে সমর্থন দেয়।
আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম তাহের ভুইয়া। 'বিদ্রোহী প্রার্থী' পৌরসভার ২ নম্বর হিংগুলী ইউনিয়নের যুবলীগ সাধারণ সম্পাদক আলী আহসান। স্বতন্ত্র প্রার্থী এস এম সাহাবুদ্দিনও এলাকায় আওয়ামীপন্থী হিসেবে পরিচিত।
সাতকানিয়া পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত সমর্খিত একজন করে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাঁশখালী পৌরসভায় বিএনপির একক মেয়র প্রার্থী থাকলেও আওয়ামী লীগের একজন 'বিদ্রোহী প্রার্থী' মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সন্দ্বীপে আওয়ামী লীগ ও বিএনপি'র একজন করে 'বিদ্রোহী প্রার্থী' রয়েছে। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উল্লাহ টিটু দলীয় সমর্থন পেলেও 'বিদ্রোহী' হিসেবে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী পৌর কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন ঠাকুর। 'বিদ্রোহী প্রার্থী' হিসেবে নির্বাচন করছেন বর্তমান পৌর মেয়র ফখরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/০০১২ ঘ.
bdnews24