২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের ৩টি বিএনপির, একটি আ.লীগ

শেরপুরের চারটি পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা তিনটিতে মেয়র নির্বাচিত হয়েছেন। অন্যটিতে বিজয়ী হয়েছেন সরকারি দল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 05:49 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

শেরপুর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুরের চারটি পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা তিনটিতে মেয়র নির্বাচিত হয়েছেন। অন্যটিতে বিজয়ী হয়েছেন সরকারি দল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। সোমাবর রাতে চারটি পৌরসভা- নালিতাবাড়ী, শ্রীবর্দী, নকলা ও শেরপুর পৌর নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এর মধ্যে শেরপুর ছাড়া বাকি তিন পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। নালিতাবাড়ী পৌরসভায় আনোয়ার হোসেন দেয়ালঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন নয় হাজার ৪৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুল হালিম উকিল পান চার হাজার ১১৭ ভোট। সোমবার রাত সোয়া ৭টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। শ্রীবর্দী পৌরসভায় ৪ হাজার ১৯৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মো. আব্দুল হাকিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আবু সাইদ পেয়েছেন ৩ হাজার ২৪৭ ভোট। রাত ১১টায় রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিক আল মাহমুদ ফলাফল ঘোষণা করেন। নকলা পৌরসভায় বিএনপির মোখলেসুর রহমান তারা ৪ হাজার ১৩২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মনির হোসেন পেয়েছেন ৩ হাজার ৩৪১ ভোট। রাত ১১টায় রিটার্নিং কর্মকর্তা মো. হানিফ উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন। শেরপুর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মো. আকবর আলী রাতে ফল ঘোষণা করেন। এতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. হুমায়ুন কবির রোমান ২১ হাজার ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুর রাজ্জাক আশীষ পেয়েছেন ২১ হাজার ৮৬৩ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩৪৭ ঘ.