২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যালটবাক্স ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের ফাঁকা গুলি

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার একটি কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 04:46 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ময়মনসিংহ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার একটি কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ ব্যর্থ করে দেয়। হামলায় পুলিশসহ পাঁচজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সোমবার রাতে পৌরসভার ইসলামাবাদ মাদ্রাসা কেন্দ্রে ভোট গণনার পর এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। অবশ্য কেন্দ্রের ব্যালটবাক্স উপজেলা নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে এসেছেন কর্মকর্তারা। গৌরীপুর থানা পুলিশ জানায়, রাত সাড়ে ৭টার দিকে ভোট গণনা শেষে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ব্যালটবাক্স নিয়ে নিয়ন্ত্রণ কক্ষে রওনা দেন। এ সময় দুই থেকে আড়াইশ' লোক তাদের ওপর হামলা চালায় এবং ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আট রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে। এতে হামলাকারীরা পিছু হটে যায়। হামলায় পুলিশ সদস্য আল আমীন, আব্দুল মোতালেব, মাহমুদুর রহমান ও সাইফুল ইসলাম এবং সুমন নামে একজন পোলিং কর্মকর্তা আহত হন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নুরুল আমীন সাংবাদিকদের বলেন, হামলাকারীরা ব্যালট বাক্স ছিনিয়ে নিতে পারেনি। এর আগেই তিনি ভোট গণনা করে প্রার্থীদের এজেন্টদের ফল জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, হামলার খবর শুনে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। গৌরীপুর থানার ওসি দীপক চন্দ্র মজুমদার বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৪ ঘ.