চট্টগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙ্গুনিয়ায় ডাকা মঙ্গলবারের হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দুই 'বিদ্রোহী' মেয়র প্রার্থী।
বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদের হস্তক্ষেপে হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বলে সোমবার জানিয়েছেন মেয়র প্রার্থী শাহজাহান শিকদার।
দুই 'বিদ্রোহী মেয়র প্রার্থীর' ডাকে রাঙ্গুনিয়ায় আধা বেলা হরতাল পালিত হয় রোববার। এ দুই প্রার্থী হলেন- উত্তর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান শিকদার।
রোববারের আধাবেলা হরতাল পালিত হওয়ার পর রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সাংসদ এবং বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ এ দুই নেতাকে ডেকে পাঠান।
শাহজাহান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তার অনুরোধে আমরা হরতাল প্রত্যাহার করে নিয়েছি।"
হরতাল প্রত্যাহারের পাশাপাশি দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার কথাও জানান শাহজাহান শিকদার।
আরেক 'বিদ্রোহী প্রার্থী' কামরুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তাই হরতাল প্রত্যাহার করা হয়েছে।
গত ২৭ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার রিটার্নিং অফিসার তানভীর আহমেদ সিদ্দকী মেয়র প্রার্থী শাহজাহান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
এর পর রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী খলিলুর রহমান চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে আরেক মেয়র প্রার্থী কামরুল ইসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমেদ।
এ দুই মেয়র প্রার্থীর হাইকোর্টে করা আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। পরবর্তীতে খলিলুর রহমান চৌধুরী আপিল বিভাগে আবেদন করেন। ১১ জানুয়ারি আপিল বিভাগ দুই মেয়র প্রার্থীর প্রার্থীতা স্থগিত করেন।
১২ জানুয়ারি এ আদেশের খবর রাঙ্গুনিয়ার পৌঁছালে পৌরসভার বিভিন্ন এলাকায় দুই মেয়র প্রার্থীর কর্মী-সমর্থক এবং পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর রোবাবার অর্ধদিবস হরতাল ও ভোট গ্রহণের দিন পূর্ণদিবস হরতাল পালনের ঘোষণা দেন।
রাঙ্গুনিয়া পৌরসভায় অন্য দুই মেয়র প্রার্থী হলেন পৌর বিএনপির সহ- সভাপতি এমদাদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী বিজয় কেতন চৌধুরী।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে রাঙ্গুনিয়া পৌর এলাকায় শনিবার রাত থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২২২৭ ঘ.
bdnews24