ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে সরকারি দল আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী।
এছাড়া প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণেরও অভিযোগ এনেছেন বিরোধী দলের প্রার্থী মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল।
রোববার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি।
তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী এ অভিযোগ অস্বীকার করেছেন।
আগামী ২৭ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে উপনির্বাচনের ভোট নেওয়ার কথা রয়েছে।
গত বছরের ২২ নভেম্বর মারা যান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য লুৎফুল হাই সাচ্চু। এই সাংসদ মারা যাওয়ার পর সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
এর আগে ১৯ নভেম্বর মারা যান হবিগঞ্জ-১ আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক খোকন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলের প্রার্থী জেলা কমিটির সভাপতি খালেদ হোসেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করলেও নির্বাচনী কর্মকর্তাদের কাছে বিএনপির পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ করা হয়নি।
লিখিত বক্তব্যে বলা হয়, সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন পরিষদ ভবনকে নির্বাচনী কার্যালয় বানিয়ে আওয়ামী লীগ প্রার্থী উবায়দুল মুক্তাদির চৌধুরীর পক্ষে প্রচারণা চালানো হচ্ছে।
এ ছাড়া বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীকে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা হচ্ছে।
বিএনপির অভিযোগ, মুক্তাদির চৌধুরীর স্ত্রী ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন প্রচারণা চালাচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
এ ব্যাপারে প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো ফায়দা হয়নি বলে বিএনপি নেতারা অভিযোগ করেন।
একই সঙ্গে তারা পক্ষপাতের অভিযোগ এনে অতিরিক্ত জেলা প্রশাসক শশাঙ্ক শেখরের প্রত্যাহার দাবি করেন।
ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সেনাবাহিনী মোতায়েনের দাবিও করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহমান, শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযোগের ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থী উবায়দুল মুক্তাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরাজয় নিশ্চিত জেনে সুষ্ঠু নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে তারা (বিএনপি) আবোলতাবোল বকছে।"
তিনি বলেন, বিএনপি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ করতে পারেনি।
উবায়দুল মুক্তাদির পাল্টা অভিযোগ করেন, শ্যামল কালো কালো ছড়িয়ে কোনো 'সুফল' না পেয়ে উল্টাপাল্টা কথা বলছেন।
অন্যদিকে অতিরিক্ত জেলা প্রশাসক শশাঙ্ক শেখর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। তিনি উপনির্বাচনের কোনো দায়িত্বে নেই। তার বিরুদ্ধে করা অভিযোগ ভিত্তিহীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৮ ঘ.
bdnews24