২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আওয়ামী লীগ নেতাকে গুলি করলে ব্যবস্থা হয়, অন্য সময় নয়'

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতা নিহত হওয়ার পর পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও একই ঘটনা বিরোধী দলের নেতাদের ক্ষেত্রে ঘটলেও সরকারের কোনো তৎপরতা ছিলো না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতা নিহত হওয়ার পর পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও একই ঘটনা বিরোধী দলের নেতাদের ক্ষেত্রে ঘটলেও সরকারের কোনো তৎপরতা ছিলো না। "এটাই প্রমাণ করে এ সরকার আওয়ামী লীগের সরকার, জনগণের নয়", শনিবার মুক্তাঙ্গনে এক সমাবেশে বলেন তিনি। খুলনা ও বরিশাল বিভাগে পৌর নির্বাচনের ফল পাল্টে দেওয়া হয়েছে অভিযোগ করে একই ঘটনা ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ঘটলে পরিণতি শুভ হবে না বলে সরকারকে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ। ঢাকার ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুন হওয়ার পর শেরেবাংলা নগর থানার ওসিকে বরখাস্ত এবং কয়েকজন কর্মকর্তাকে বদলির প্রসঙ্গ তুলে মোশাররফ বলেন, "আওয়ামী লীগের নেতা গুলিবিদ্ধ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তখন আইনশৃঙ্খলা কিছুটা অবনতি হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন। "কিন্তু এর কয়েকদিন আগে রাজধানীতে যুবদল নেতা শহীদ মোল্লা গুলিবিন্ধ হয়ে নিহত কিংবা চৌধুরী আলম গুম হয়ে যাওয়ার পর সরকার কোনো ব্যবস্থা নেয়নি। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা অতীতের চেয়ে ভালো।" বরিশাল ও খুলনা বিভাগে কারচুপির অভিযোগ তুলে তিনি বলেন, "আগামী ১৭ ও ১৮ জানুয়ারি পৌর নির্বাচনের ফলাফল পাল্টানো হলে তার পরিণতি ভালো হবে না। আমরা সরকারকে বলবো, জোর-জবরদস্তি করে ফল পাল্টানোর চেষ্টা করবেন না। হলে জনগণ ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে।" ১৭ জানুয়ারি ঢাকা বিভাগ ও ১৮ জানুয়ারি চট্টগ্রাম ও সিলেট বিভাগের পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১২ জানুয়ারি রাজশাহী-রংপুর এবং ১৩ জানুয়ারি বরিশাল-খুলনা বিভাগে পৌর নির্বাচন হয়। মুুক্তাঙ্গনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে ঢাকা সিটি কর্পোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের সন্ধান এবং মুক্তিকর দাবিতে সমাবেশে বক্তব্য রাখেন মোশাররফ। চৌধুরী আলমের পরিবারের অভিযোগ, সাড়ে ৬ মাস আগে ইন্দিরা রোডের কাছ থেকে কাউন্সিলরকে তুলে নিয়ে যাওয়া হয়। সেই থেকে চৌধুরী আলম নিখোঁজ। চৌধুরী আলমের সন্ধান চেয়ে মোশাররফ বলেন, "এভাবে একজন জনপ্রতিনিধি নিখোঁজ হওয়ার পরও সরকার কোনো ব্যবস্থা নেয়নি, এটা নিন্দনীয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে কী পর্যায়ে পৌঁছেছে, তার প্রমাণ এ ঘটনা।" ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপি নেতা বলেন, পরাজয়ের শঙ্কা থেকে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানের নির্বাচন দিচ্ছে না সরকার। দ্রব্যমূল্য নিয়ে সরকারের তথ্যকে 'বিভ্রান্তিকর' দাবি করে মোশাররফ বলেন, "চারদলীয় জোট সরকারের সময়ের দ্রব্যমূল্যের কথা বলে বর্তমানে মূল্যবৃদ্ধির ঘটনাকে পাশ কাটানো যাবে না। এভাবে বিভ্রান্তি সৃষ্টি করে কোনো লাভ হবে না।" সমাবেশে বিএনপির সহসভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জমান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোরতাজুল করীম বাদরু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদল সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯১৫ ঘ.