২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংবিধান সংশোধনে জাতির জনকের স্বীকৃতি পাবেন বঙ্গবন্ধু'

জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম রেখে সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2011, 10:29 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম রেখে সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। গঠিত সংসদীয় বিশেষ কমিটির কো-চেয়ারম্যান শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সভায় এ কথা জানান। তিনি বলেন, "সংবিধান সংশোধনের সময় জাতীয় ঐক্যের প্রতীক এবং জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে।" বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা মহানগর শাখা। '৭১-এ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফেরেন। দেশের উচ্চ আদালত সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করার পর সংবিধান সংশোধনের বিষয়টি উঠে আসে। এরই এক পর্যায়ে গঠিত হয় সংসদীয় বিশেষ কমিটি। তবে আদালতের নির্দেশনায় সংবিধান পুনর্মুদ্রণের কাজ চলছে। সংসদীয় কমিটি বলেছে, পুনর্মুদ্রণের পরও সংশোধনের কিছু থাকলে সে বিষয়ে সুপারিশ তৈরি করবেন তারা। প্রেসক্লাবের আলোচনায় সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে বিরোধী দলের নেতা খালেদার জিয়ার ভাষণকে সত্যের অপলাপ আখ্যা দিয়ে বলেন, "তার ভাষণ সুলিখিত এবং সুপাঠ্য হলেও ওই ভাষণ সত্যের অপলাপ ছাড়া আর কিছুই নয়। কারণ তিনি বলেছেন সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করছে না। এটা ঠিক নয়। সরকার অনেক উন্নয়নমূলক কাজ করছে যা অব্যাহত আছে।" বিএনপি ক্ষমতায় এলে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করা হবে বিরোধীদলীয় নেতার এ বক্তব্যের পরিপেক্ষিতে তিনি বলেন, "বিচারপতি এবং শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে। এমনকি সংসদ সদস্য হিসেবে আপনি যে ভাতা নিচ্ছেন তাও কি অবৈধ হয়ে যাবে?" খালেদার ওই বক্তব্যে রাজনীতি বিবর্জিত বলে উল্লেখ করে সুরঞ্জিত বলেন, "যারা এ ধরনের বক্তব্য দিতে তাকে উপদেশ দিয়েছেন তারা অজ্ঞ।" পৌরসভার নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, "আইন অনুযায়ী পৌরসভার নির্বাচন অরাজনৈতিক। তাই একে রাজনৈতিক হিসেবে বিবেচনা করা যায় না।" "তবে নির্বাচন প্রক্রিয়া অবাধ ও স্ষ্ঠুুভাবে সম্পন্ন হয়েছে। এতে জনগণের বিজয় হয়েছে", বলেন সুরঞ্জিত। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নাসিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সংসদ সদস্য তারানা হালিম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/এমআই/১৬২২ ঘ.