ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আগারগাঁওয়ে আওয়ামী লীগ নেতা খুনের পর শেরেবাংলা নগর থানার ওসিকে বরখাস্ত করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন শুক্রবার দুপুরের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ঢাকার ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দুপুরে আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে গুলিবিদ্ধ হন।
গুরুতর আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, ফজলুল মারা গেছেন।
পরে ময়না তদন্তের জন্য ফজলুলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে যান স্বরাষ্ট্রমন্ত্রী।
সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, এ ঘটনায় শেরেবাংলা নগর থানার ওসিসহ দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওই থানায় ওসির দায়িত্বে ছিলেন রিয়াজ আহমেদ। বরখাস্ত অন্যজন হলেন উপপরিদর্শক মো. কামরুজ্জামান।
৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ গত ৮ জানুয়ারি সন্ত্রাসীদের গুলিতে আহত হন। এর এক সপ্তাহের মাথায় সন্ত্রাসী হামলায় নিহত হলেন সাধারণ সম্পাদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/১৪৩০ ঘ.
bdnews24