ঝিনাইদহ, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের পাঁচটির মধ্যে দু'টিতে আওয়ামী লীগ, একটি বিএনপি এবং একটি করে পৌরসভায় এ দু'দলের বিদ্রোহী প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন।
কালিগঞ্জ ও হরিণাকুণ্ডু পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী যথাক্রমে মোস্তাফিজুর রহমান রিজু ও শাহীনুর রহমান রিন্টু নির্বাচিত হয়েছেন।
কোটচাঁদপুরে নির্বাচিত হয়েছেন বিএনপির সালাহউদ্দিন বুলবুল সিডল।
মহেশপুরে নির্বাচিত হয়েছেন বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী আমিরুল ইসলাম খান।
শৈলকুপায় হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী কাজী আশরাফুল আজম।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর রাতে এ ফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তারা।
কালিগঞ্জ পৌরসভার রিটার্নিং কর্মকর্তা আঞ্জুমানারা জানান, আনারস প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান রিজু পেয়েছেন সাত হাজার ৯৪৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী মাসুদুর রহমান মন্টু (চশমা) পেয়েছেন ছয় হাজার ৫০৭ ভোট।
হরিণাকুণ্ডু পৌরসভার রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম জানান, শাহীনুর রহমান রিন্টু পাঁচ হাজার ৬৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জিন্নাতুল হক খান পেয়েছেন পাঁচ হাজার ১৬৮ ভোট।
মহেশপুর পৌরসভায় মেয়র পদে বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী আমিরুল ইসলাম খান (দেয়াল ঘড়ি) ছয় হাজার ৫২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আব্দুর রশিদ খান (দোয়াত-কলম) পেয়েছেন ছয় হাজার ১৬৪ ভোট।
রিটার্নিং কর্মকর্তা আজিজুল ইসলাম ফল ঘোষণা করেন।
শৈলকুপায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী কাজী আশরাফুল আজম দেওয়াল ঘড়ি প্রতীকে ৯ হাজার ৯১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খলিলুর রহমান দোয়াত-কলম নিয়ে পান ৫ হাজার ৩৮৩ ভোট।
ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আজমুল হক রাত সাড়ে ১০টার দিকে এ ফলাফল ঘোষণা করেন।
কোটচাঁদপুরে বিএনপির সালাহউদ্দিন বুলবুল সিডল পেয়েছেন ৭ হাজার ৬৮৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম পান ৭ হাজার ৫৩৩ ভোট।
ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জহর আলী রাত ১০টার দিকে এ ফলাফল ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/জেবি/ডিডি/এমআই/এমএসবি/২৩৩০ ঘ.
bdnews24