পাবনা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাঁথিয়ায় পৌর নির্বাচনের ফল প্রকাশের পরদিন আওয়ামী লীগ সমর্থিত ও একই দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষে ১০ জন আহত হয়েছে।
এ ঘটনায় পরাজিত প্রার্থীর ছেলেসহ তিন জনকে আটক করা হয়েছে।
আহতদের মধ্যে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় সিরাজগঞ্জ এনায়েতপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
তারা হলেন, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল জলিলের ছোট ভাই এরশাদ আলী (২৫), যুবলীগ নেতা মামুন (৩০) ও রাজা হোসেন (২৬)।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, বুধবার ফল ঘোষণার পর থেকেই পরাজিত বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হক মাস্টারের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে জয়ী প্রার্থী মিরাজুল ইসলামের সমর্থকরা মোজাম্মেল মাস্টারের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি করতে থাকে। এতে ওই তিন জন গুলিবিদ্ধ হয়।
পরে এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় আরো ৭ জন আহত হয়।
রবিউল ইসলাম আরো জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে পরাজিত মেয়র প্রার্থীর ছেলে তপন হায়দার সান (৩২) ছাড়াও রঞ্জন (২৬) ও মদন (৩০) নামের দুই যুবককে লাইসেন্স করা অস্ত্রসহ আটক করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/পিডি/২১৩০ ঘ.
bdnews24