ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রামপুরায় বুধবার ভোররাতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাসায় ডাকাতি হয়েছে।
ডাকাতরা বাসার সবাইকে অস্ত্রে মুখে জিম্মি করে প্রায় দেড়'শ ভরি স্বর্ণলংকার এবং নগদ প্রায় ৭৫ হাজার টাকা নিয়ে গেছে অভিযোগ পাওয়া গেছে।
রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৪টার দিকে ২৪/বি মালিবাগ চৌধুরি পাড়ার বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ডুপ্লেক্স এই বাড়িটি স্থানীয় আওয়ামী লীগ নেতা আলী নেওয়াজ খানের।
আব্দুল বারী জানান, বাড়ির নিচতলার কাচের দরজা কৌশলে খুলে এবং মশা প্রতিরোধ নেট কেটে ডাকাতদল ভেতরে ঢুকে এবং দোতলায় থাকা বাসার সবাইকে অস্ত্রে মুখে জিম্মি করে। বাড়িটিতে প্রায় এক ঘণ্টা ডাকাতি চলে।
পুলিশ কর্মকর্তা জানান, এই ঘটনায় বাসার গৃহপরিচারিকা সালমাকে (৩৫) আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দোতালার কোনো দরজা বা জানালা ভাঙা না থাকায় ধারণা করা হচ্ছে ডাকাতদল সালমার সহায়তায় বাসায় ঢোকে।
এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২২২৭ ঘ.
bdnews24