যশোর, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ত্রসহ যশোরের শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনকে আটক করেছে র্যাব।
তার আরো চার সহযোগীকেও আটক করা হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে একটি প্রাইভেটকারে বেনাপোল যাওয়ার সময় তাদের আটক করা হয় বলে র্যাব-৬ এর কর্মকর্তা তারিক আজিজ জানিয়েছেন।
সোহরাব ও তার সহযোগীদের তল্লাশি করে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও এক লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
সোহরাব উপজেলার বুরুজবাগান গ্রামের আব্দুস সোবাহনের ছেলে।
আটক বাকিরা হলেন- একই এলাকার জাকির হোসেন, বদিয়ার রহমান, সোহাগ ও জেমস বাবুল।
র্যাব-৬ এর যশোর ক্যাম্প কর্মকর্তা তারিক আজিজ সাংবাদিকদের জানান, তাদের যশোর র্যাব ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
যশোরের বিভিন্ন পৌরসভায় আগামীকাল নির্বাচন হওয়ার কথা রয়েছে।
অপরদিকে দুপুর ১২টার দিকে শংকরপুর রেলওয়ে বস্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭টি হাতে তৈরি বোমা উদ্ধার করা হয়।
কোতয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের জানান, বিকালে শহরের লোন অফিসপাড়া থেকে আরো একটি বোমা উদ্ধার করা হয়েছে।
পুলিশের ধারণা নির্বাচন সামনে রেখে এসব বোমা মজুদ করা হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৪ ঘ.
bdnews24