বরিশাল, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের বানারীপাড়ায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী গোলাম মাহমুদের প্রধান নির্বাচন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকাল ৩টার দিকে মেয়রপ্রার্থীর বাসা থেকে গ্রেপ্তার করা সমন্বয়কারী পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমান চোদ্দারকে।
তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খলিলকে গ্রেপ্তারের ঘটনায় তাৎক্ষণিক নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন মেয়র প্রার্থী গোলাম মাহমুদ।
তিনি অভিযোগ করেন, তার কর্মী সমর্থকদের ক্ষমতাসীন দলের লোকজন মারধর করেছে এবং ভয়ভীতি দেখিয়েছে।
এতেও কর্মী সমর্থকরা পিছু না হটায় এবং তার বিজয় নিশ্চিত জেনে খলিলকে গ্রেপ্তার করা হয়েছে।
এই অভিযোগ অস্বীকার করে বানরীপাড়া থানার (ওসি) মেজবাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খলিলের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৯ ঘ.
bdnews24