বরিশাল, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পৌরসভা নির্বাচনের আগের দিন বরিশাল, পিরোজ ও বরগুনায় নির্বাচনী সহিংসতায় একজন কাউন্সিলর প্রার্থীসহ অন্তত ১১ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে বুধ ও মঙ্গলবার হামলা পাল্টা-হামলার ঘটনা ঘটে।
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভায় প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীর সমর্থকরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পিরোজপুরে এক কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীসহ পাঁচজন আহত হয়েছেন।
বরগুনা প্রতিনিধি জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় মঙ্গলবার পাঁচজন আহত হয়েছে।
নির্বাচন কশিনরের ঘোষিত সূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার বরিশাল বিভাগের ১৯টি পৌরসভায় নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মো. শাহাবুদ্দিন অভিযোগ করেছেন, মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলামকে হাতুড়িপেটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।
বুধবার দুপুরে মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা ঈদগা মাঠে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মো. কামালউদ্দিন খানের সমর্থকরা এ হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।
তবে পুলিশ জানিয়েছে, এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালউদ্দিনও এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।
মো. শাহাবুদ্দিন হিমু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কামালউদ্দিনের সাত-আট জন সমর্থক হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে সাইফুলকে জখম করে। সে আমার সঙ্গে দেখা করতে আসছিলো।"
তিনি জানান, সাইফুলের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হামলাকারীদের কয়েকজনের নামও জানান তিনি।
এরা হলেন- খায়রুল মোল্লা, রনি ও মনির ওরফে তরকারী মনির।
শাহাবুদ্দিন বলেন, তারা সাইফুলের পথরোধ করে নির্বাচনী কাজ থেকে সরে দাঁড়াতে বলেছিলো। কিন্তু এতে সে রাজি হয়নি।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি ডা. জুলফিকার মো. গাজ্জালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোলযোগ হয়েছে শুনেছি। কিন্তু কোনো অভিযোগ পাইনি।"
তবে শাহাবুদ্দিন হিমু দাবি করেন, থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এমনকি সাইফুলকে থানায়ও নিয়ে যাওয়া হয়েছিল।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. কামালউদ্দিন খান জানান, তিনি এ ধরনের কোনো খবর জানেন না।
পিরোজপুর: বুধবার সকালে পিরোজপুর পৌরসভার ভাইজোড়া এলাকায় এক কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হামলা প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ পাঁচজন আহত হয়েছেন।
আহত কাউন্সিলর প্রার্থী আব্দুস সালাম মধু বর্তমানে ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর।
আহত অন্যরা হলেন- গিয়াস উদ্দিন গাজী, নাদিম শেখ, রফিকুল ইসলাম সুমন ও জাহিদুল ইসলাম। এদের মধ্যে সুমনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাউন্সিলর প্রার্থী আব্দুস সালাম মধু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাউন্সিলর প্রার্থী আনোয়ারুল কবীর সিকদারের লোকজন তাকে ও তার ভাইয়ের ছেলে সুমনকে প্রধমে মারধর করে।
তিনি জানান, খবর পেয়ে মধুর সমর্থক গিয়াস উদ্দিন গাজী, নাদিম শেখ, জাহিদুল ইসলাম ঘটনাস্থলে গেলে তাদেরও পিটিয়ে আহত করে তারা।
তিনি অভিযোগ করেন, আনোয়ারুল কবির ভাইজোড়া এলাকায় ভোটারদের মধ্যে টাকা দিচ্ছিল। এতে বাধা দেওয়ায় তার কর্মী-সমর্থকরা এ হামলা চালিয়েছে।
অপর কাউন্সিলর প্রার্থী আনোয়ারুল কবীরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
সদর থানার ওসি আবু যাহিদ হামলার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনায় উভয় পক্ষ মামলা করেছে। তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।"
বরগুনা: মঙ্গলবার বিকালে ও রাতে বরগুনা পৌর এলাকায় প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় পাঁচজন আহত হয়েছে।
এরা হচ্ছেন- পিটিআই সড়কের মোশাররফ হোসেনের ছেলে দুলাল, চরকলনীর সেলিম মিয়ার ছেলে ছগির হোসেন টিটু, দক্ষিণ বরগুনার আবদুল মজিদের ছেলে শহিদ, চরকলনীর ওয়াজেদ আলীর ছেলে রিমন ও ক্রোক গ্রামের আবু জাফর।
এদের মধ্যে জাফর ছাড়া চারজনকে বরগুনা জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে।
বরগুনা থানার ওসি মো. বাবুল আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রিমন ও ছগির কাউন্সিলর প্রার্থী স্বপনের সমর্থক। তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল হুদার সমর্থকদের সঙ্গে পাল্টাপাল্টি হামলায় আহত হয়েছে।"
এছাড়া কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম শামীমের সমর্থক দুলালকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান জালালের সমর্থকরা হাতুড়িপেটা করেছে বলেও জানান তিনি।
কাউন্সিলর প্রার্থী কবিরুর রহমানের সমর্থক শহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাউন্সিলর প্রার্থী তৌহিদ মোল্লার সমর্থকরা তাকে মারধর করেছে।"
মেয়র প্রার্থী মো. শাহজাহানের সমর্থক আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার রাতে মহাজোট সমর্থিত প্রার্থী সাহাদাত হোসেনের জামাতা আরিফ কয়েকজনসহ তাকে আটক করে মারধর করে।"
ওসি জানান, আরিফ খবর পাঠালে সেখানে পৌঁছে ৭০টি পত্রিকাকাটিং ও তিন হাজার টাকাসহ জাফরকে পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেবি/এমএসবি/১৯৫২ ঘ.
bdnews24