গাইবান্ধা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা পৌরসভা নির্বাচনে এক ভুয়া পোলিং এজেন্টকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে একটি ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া ভোটারকে প্রভাবিত করার দায়ে তিন এজেন্টের কাছ থেকে এক হাজার টাকা করে জরিমানাও আদায় করে একই আদালত।
জেলার বিচারিক হাকিম আজিজুর রহমান বুধবার নির্বাচন চলাকালে এ সাজা দেন।
দণ্ডিত মকবুল হোসেন সদর উপজেলার বেজীরভিটা গ্রামের বাসিন্দা।
জরিমানা দিয়েছেন- সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের খাইরুল ইসলাম, আব্দুর রহমান ও মো. রাজু মিয়া।
হাকিম আজিজুর রহমান বলেন, পূর্ব কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মেয়র প্রার্থী আনোয়ার-উল-হাসান সবুর পক্ষে ভুয়া পোলিং এজেন্ট সেজে কাজ করার সময় মকবুল হোসেনকে কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরো বলেন, গাইবান্ধা সরকারি কলেজ ভোট কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনের পোলিং এজেন্ট খাইরুল ইসলাম ও আব্দুর রহমান এবং ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমানের এজেন্ট মো. রাজু মিয়া বুথের বাইরে এসে ভোটারদের প্রভাবিত করছিলেন।
তাই তাদের প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
গাইবান্ধা সদর থানার ওসি আকবর হোসেন বলেন, দণ্ডিত মকবুল হোসেনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৬ ঘ.
bdnews24