রাজশাহী, জনুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর দুর্গাপুর পৌরসভার একটি কেন্দ্রে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একজন আহত হন।
পরে পুলিশ লাঠিপেটা করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় একজনকে। তাকে এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
একই পৌরসভার আরেকটি কেন্দ্রে একজন মেয়রপ্রার্থীর এজেন্টের বিরুদ্ধে ভয়ভীতি ও প্রভাব বিস্তারের অভিযোগে মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছেন।
রাজশাহীর ১১ পৌরসভায় বুধবার ভোটগ্রহণ হয়।
দুর্গাপুর পৌরসভার পারচৌপুখরিয়া রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেনের সমর্থকদের সঙ্গে বিএনপি সমর্থক প্রার্থী এসএম আকবর আলী বাবলুর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এতে খায়রুল ইসলাম নামে বিএনপির এক সমর্থকের মাথা ফেটে যায়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে কুহাড়পাড়া এলাকার আইয়ুব আলীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে শক্তি প্রদর্শনের অভিযোগ আনে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউজ্জামান ভূঁইয়া দুপুর ২টার দিকে তাকে এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়।
জরিমানা করার বিষয়টি নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট শফিউজ্জামান সাংবাদিকদের আরো জানান, দুপুর আড়াইটার দিকে পুলিশ ঝোপঝাড়ের ভেতর থেকে বেশকিছু লাঠিসোটা উদ্ধার করেছে।
একই পৌরসভার ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থক প্রার্থী তোফাজ্জল হোসেনের এজেন্টদের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখিয়ে ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার অভিযোগ পাওয়া গেছে।
চককৃষ্টপুর এলাকার কয়েকজন ভোটার সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
ধরমপুর কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলাম দুপুর ১টার দিকে তসলিম উদ্দিন নামের এক এজেন্টের পরিচয়পত্র জব্দ করেন। তবে তসলিম পালিয়ে যান। ম্যাজিস্ট্রেট বিকালে তসলিমের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে ভয়ভীতি ও প্রভাব বিস্তারের অভিযোগে মামলা করেন বলে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এস এম মাহমুদ আলম জানান।
বেলা সাড়ে ১১টার দিকে চারঘাট পৌরসভার চারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে পাশাপাশি দুটি কেন্দ্রে লোকজন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ ও র্যাব লাঠিপেটা করে তাদের হটিয়ে দেয়।
রাজশাহী পুলিশ রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) সিদ্দিকুর রহমান, পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) রোকন উদ্দীনসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৩ ঘ.
bdnews24