ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি যেন দেশে ফের না আসে, সে জন্য বিএনপিকে সংসদে ফিরে বিরোধী দলের ভূমিকা পালন করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
সরকার ব্যর্থ বলে খালেদা জিয়ার বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, বিরোধীদলীয় নেতা নিজেদের 'দুষ্কর্ম' আড়াল করতেই সরকারকে আক্রমণ করেছে।
মহাজোট সরকারের দুই বছর পূর্তিতে খালেদা জিয়ার ভাষণের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ কথা বলেন।
ধানমণ্ডিতে আওয়ামী লীগ প্রধানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আশরাফ বলেন, "সরকারের সামনে এখনো তিনটি বছর রয়েছে। অরাজকতা-অনিশ্চয়তা, হরতাল ও ষড়যন্ত্র-চক্রান্তের পথ পরিহার করে বিরোধী দলের ভূমিকা পালন করলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে সব দলই সমান সুযোগ পাবে। ওয়ান-ইলেভেনের অভিজ্ঞতা খালেদা জিয়া ও বিএনপির স্মরণে রাখা প্রয়োজন।"
সংসদে বিরোধী দলকে কথা বলতে হয় না বলে যে অভিযোগ খালেদা করেছেন, তার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "সংসদে উপস্থিত না থাকাটাই হচ্ছে খালেদা জিয়ার অভ্যাস। একদিন তিনি পৌনে দুই ঘণ্টা একটানা বক্তৃতা দিয়েছিলেন। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আমরা বারবার বলেছি, বিরোধীদলীয় নেতাকে কথা বলতে কেউ বাধা দেবে না। আজও বলছি আপনারা সংসদে আসুন, কথা বলুন।"
এ প্রসঙ্গে বিরোধী সংসদ সদস্যদের সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত থাকা এবং সদস্য হিসেবে বিদেশ সফরের অংশ নেওয়ার বিষয়টিও তুলে ধরেন আশরাফ। বিএনপি ক্ষমতায় গেলে বর্তমান সরকারের সব কর্মকাণ্ড অবৈধ হবে বলে খালেদার বক্তব্য 'ফ্যাসিবাদী' বলে মন্তব্য করেন তিনি।
আশরাফ বলেন, "খালেদা জিয়া আবার ক্ষমতায় গিয়ে আর কী অবৈধ ঘোষণা করবেন? অবশিষ্ট আছে বাংলাদেশ, যাকে তিনি চিনেন না বলেছেন, তিনি ক্ষমতায় গিয়ে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তার স্বাধীন অস্তিত্বকেই অবৈধ ঘোষণা করবেন?"
লিখিত বক্তব্যের শুরুতেই 'অঙ্গীকার বাস্তবায়নে সরকারের সফলতা'র জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান আশরাফ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিরোধীদলীয় নেতা নিজেদের অতীত 'অপকর্ম-দুষ্কর্ম' আড়াল করতেই দেশবাসীকে বিভ্রান্ত করতে 'অসত্য' তথ্য দিয়েছেন।
"খালেদা জিয়ার এ ভাষণের আসল উদ্দেশ্য দেশবাসীকে বিভ্রান্ত করা। ষড়যন্ত্র-চক্রান্ত ও অরাজক-অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। দুর্নীতির মামলার আসামি দুইপুত্র এবং যুদ্ধাপরাধীদের বাঁচানো", বলেন তিনি।
দেশে এক ব্যক্তির শাসন কায়েম হয়েছে বলে বিরোধী নেতার বক্তব্যের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ বলেন, "কেউ যদি টু শব্দ করতে না-ই পারেন, তবে বিরোধীদলীয় নেত্রী ভাষণ দিতে পারলেন কীভাবে? কীভাবে তার বক্তৃতা পত্রিকায় ছাপা হচ্ছে?"
"বিরোধীদলীয় নেতা সম্ভবত ভুল করে 'আতঙ্কের রাজত্ব' কথাটি বলেছেন। জেএমবি ও মুফতি হান্নানের হরকাতুল জিহাদসহ উগ্র জঙ্গিবাদীদের মদদ ও প্রশ্রয় দিয়েছিল কোন সরকার", বিএনপিকে ইঙ্গিত করে বলেন তিনি।
চালের দাম বৃদ্ধির বিষয়ে আশরাফ বলেন, চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বাড়লেও দেশে এখন কোনো খাদ্যাভাব নেই। 'নীরব' দুর্ভিক্ষ তো 'বাস্তুহারা' 'খালেদা জিয়ার' মনের ভিতরে।
বিএনপি-জামায়াত জোট আমলে ১২৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যো করার দাবির জবাবে তিনি বলেন, "একি কথা শুনি আজি মন্থরার মুখে! এতদিন পর এ অলীক তথ্য তিনি কোথা থেকে আবিষ্কার করলেন? খালেদা জিয়া বলবেন কি, কোন কোন নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে তিনি এই তথাকথিত ১২৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোগ করেছিলেন?"
রেন্টাল পাওয়ার প্লান্ট থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করার যে অভিযোগ বিরোধীদলীয় নেতা করেছেন, তার তথ্য প্রমাণ দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
দেশের সার্বভৌমত্ব নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের পাল্টায় আশরাফ বলেন, "আমাদের প্রশ্ন- ১০ ট্রাক অস্ত্র আনার সঙ্গে জড়িত ছিলো কারা? অস্ত্রগুলো কোথায় পাঠানোর জন্য জাহাজ চট্টগ্রামে সরকারি জেটিতে ভিড়েছিলো?"
'বাংলাদেশ এখন নাকি ভিনদেশি শত্র"কবলিত অচেনা এক দেশ'- বিরোধীদলীয় নেতার এ বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "আসলেই তিনি বর্তমান বাংলাদেশকে চিনতে পারছেন না। তিনি তার আমলের 'সন্ত্রাসী রাষ্ট্র' কিংবা 'ব্যর্থ রাষ্ট্রকে' চিনতেন। কিন্তু বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনায় শান্তিপূর্ণ উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত অগ্রসরমান বাংলাদেশকে তিনি চেনেন না।"
সরকারের বছর পূর্তিতে সংসদে বিরোধীদলীয় নেতা সংসদে গিয়ে বক্তব্য রাখতে পারতেন, বলেন আশরাফ।
সংবিধান পরিপন্থী কাজের জন্য সামরিক শাসক এইচএম এরশাদের বিচার হবে কিনা- জানতে চাওয়া হলে আশরাফ বলেন, আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পরই সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, এরশাদের বিচার হওয়া উচিত। এ কাজটি সরকার ও সংসদের ওপর ছেড়ে দিয়েছে উচ্চ আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫৪০ ঘ.
bdnews24