নাটোর, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নমুনা ব্যালট ছাপানোর দায়ে নাটোর শহরের একটি ছাপাখানার মালিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে শহরের নীচাবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
ছাপানো ব্যালটগুলো জব্দ এবং আহম্মদ প্রিন্টিং প্রেস নামের ছাপাখানাটি বন্ধ করে করে দেওয়া হয়েছে।
আটক করা হয়েছে আহম্মদ প্রিন্টিং প্রেসের মালিক ইসমাইল হোসেন ও তার দুই ভাই বিপ্লব ও মামুনকে।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আপেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টায় আহম্মদ প্রিন্টিং প্রেস থেকে পাঁচ হাজার ছাপানো নমুনা ব্যালট ও দুইটি পিএস প্লেট উদ্ধার করা হয়।
খবর পেয়ে পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুন্নাহার ঘটনাস্থলে এসে উদ্ধার করা ব্যালটগুলির জব্দ ও ছাপাখানাটি বন্ধ করে দেন।
আটকদের সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা সাহাতাব উদ্দিন বলেন, সরকারি অনুমতি ছাড়া নমুনা ব্যালট ছাপানো বেআইনি। কারা এই নমুনা ব্যালট ছাপানোর আদেশ দিয়েছে তা তদন্ত করে দেখা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৬ ঘ.
bdnews24