২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যাচার বন্ধ করে দায়িত্বশীল হোন, খালেদাকে হাসিনা

'মিথ্যাচার বন্ধ করে' দায়িত্বশীল ভূমিকা পালন এবং সরকারের গঠনমূলক সমালোচনা করতে বিরোধী দলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 02:13 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'মিথ্যাচার বন্ধ করে' দায়িত্বশীল ভূমিকা পালন এবং সরকারের গঠনমূলক সমালোচনা করতে বিরোধী দলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, "জনগণকে ভাওতা আর ধোঁকা দেওয়ার জন্য গালভরা কথা বলে লাভ নেই। আপনারা আমাদের ভুল ধরেন। মিথ্যাচার দিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না। আমাদের কাজে বাধা দেবেন না।" ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার বিকালে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দুই বছরে সরকার সফল- এ দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার তিনদিন পর রোববার বিরোধী দলের মূল্যায়ন নিয়ে কথা বলেন খালেদা। তিনি বলেন, "মহাজোট সরকারের দুই বছরে দেশে আতঙ্কের রাজত্ব কায়েম হয়েছে।" খালেদা জিয়া সংবাদ সম্মেলনে 'মনগড়া অসত্য তথ্যই সরবরাহ করেছেন' বলে দাবি করেন শেখ হাসিনা। ১৯৯৬ সালে আওয়ামী লীগ যে চালের কেজি ১০ টাকা রেখে গিয়েছিলো, ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট ক্ষমতায় আসার পর তা কীভাবে ২৫ টাকা ছাড়িয়ে গেলো- এই প্রশ্ন করে প্রধানমন্ত্রী বলেন, "১০ টাকার চালের দাম উনি (খালেদা জিয়া) পাঁচ টাকা করলে প্রশ্ন করতে পারতেন।" আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্যের দাম রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "আজকে বিএনপি বা চারদলীয় জোট ক্ষমতায় থাকলে একশ টাকা কেজি দরে চাল খেতে হতো- এতে কোনো সন্দেহ নেই।" দু'বছরে দেশের কোনো উন্নতি হয়নি বলে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের বিরোধিতা করে জবাবে শেখ হাসিনা বলেন, "হ্যা, ওনার মতো উন্নতি আমাদের হয়নি। আর, আমরা সেরকম উন্নতি করতেও চাই না। আমরা সাধারণ মানুষের উন্নতির জন্য কাজ করি।" সরকারপ্রধান আরো বলেন, "জনগণ আর অন্ধকার যুগে ফিরে যেতে চায় না। আমেরিকা আর সিঙ্গাপুরের কোর্টে যে রায় দিয়েছে- তাতে ধরা খাচ্ছে ওনার (খালেদা জিয়া) ছেলেরা। উনি এর জবাব দিলেন না কেন?" খালেদা জিয়া যে কালো টাকা সাদা করেছেন তার উৎস জানতে চেয়ে প্রধানমন্ত্রী বলেন, "ওনারা কত টাকা লুটে খেয়েছেন, যে কালো টাকা সাদা করতে হয়।" আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে শেখ হাসিনা বলেন, "তাদের সময় [চারদলীয় জোট সরকার] আইন-শৃঙ্খলা পরিস্থিতির এতোই উন্নতি হয়েছিলো যে- বরিশাল থেকে ২৫ হাজার মানুষ গোপালগঞ্জের রামশীলায় এসে আশ্রয় নিয়েছিলো।" ১০ ট্রাক অস্ত্র আটকের বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, "তার হাতেই জঙ্গিবাদের সৃষ্টি। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং যথেষ্ট সফল হয়েছি।" সংসদে যাওয়ার পরিবেশ নেই- বিরোধী দলের এ দাবির প্রেক্ষিতে শেখ হাসিনা বলেন, "১৪৭ দিন সংসদ অধিবেশন চলেছে। এর মধ্যে বিরোধী দল যোগ দিয়েছে ৪৭ দিন আর খালেদা জিয়া যোগ দিয়েছেন মাত্র পাঁচ দিন। এই পাঁচ দিনের একদিন উনি পৌনে দু'ঘণ্টা বক্তব্য রেখেছেন।" শেখ হাসিনা আরো বলেন, "আমাদের সময় যে সব ঘটনা ঘটছে- সেগুলো বিছিন্ন ঘটনা। তবে এখন মানুষ মামলা করতে পারছে। বিচার চাইতে পারছে।" বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনার পাশাপাশি জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী খালেদা জিয়ার ভাষণের নানা জবাব দেন। 'পানির চেয়ে কম দামে সার' সরবরাহের জন্য খালেদা জিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, "আমরা তিন দফা সারের দাম কমিয়েছি। যেখানে এক লিটার পানির দাম ২০ টাকা, সেখানে এক কেজি ইউরিয়ার দাম ১৮ টাকা। বিদেশি পানির দাম লিটার প্রতি ৩০ টাকারও বেশি। আর আমরা টিএসপি দিচ্ছি ২৭ টাকা কেজিতে। "পানির চেয়ে সস্তা দামে আমরা সার দিয়েছি। পারবেন আপনি দিতে?" ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) কার্যকর করার এবং কনজিউমার করপোরেশন চালু করার জন্য শেখ হাসিনার প্রতি আহবান জানান সৈয়দা সাজেদা চৌধুরী। শেখ হাসিনার বক্তব্যের আগে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল আলম লেনিনের প্রস্তাবের প্রেক্ষিতে 'দু'বছর সফল নেতৃত্বের জন্য' দাঁড়িয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/পিডি/২০১২ ঘ.