টাঙ্গাইল, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যারা টাকা দিয়ে ভোট কিনবে তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, এভাবে যারা মেয়র হবেন তারা ধান্দাবাজ। জনগণের টাকা লুট করবে।
রোববার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা কক্ষে পৌরসভা নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ক্ষমতাসীন মেয়রদের পৌরসভার কোনো কর্মকর্তা-কর্মচারীকে এবং সরকারি গাড়ি নির্বাচনের কাজে ব্যবহার না করার অনুরোধ জানিয়ে সাখাওয়াত বলেন, "ক্ষমতায় থেকে নির্বাচন করার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে।
যদি আপিল বিভাগ ওই আদেশ বাতিল করে তাহলে যেসব মেয়র ক্ষমতায় থেকে নির্বাচন করেছেন সেখানে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।"
ক্ষমতাসীন দলের সমর্থকদের আচরণবিধি ভালোভাবে মেনে চলার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, "তা না হলে আপনাদের নেতা-নেত্রীদের বদনাম হবে।"
গোপালপুর ও মধুপুরের বিএনপি সমর্থিত প্রার্থীরা তাদের এলাকায় সহিংসতার ঘটনার বর্ণনা দিয়ে সেখানে সেনা মোতায়েনের দাবি জানালে সাখাওয়াত বলেন, "যত্রতত্র সেনাবাহিনী দেওয়ার লোক আমি নই।"
সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা ও থানার ওসিদের অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জেলা প্রশাসক (ডিসি) এম বজলুল করিম চৌধুরী, পুলিশ সুপারিনটেন্ডেট (এসপি) মো. মিজানুর রহমান, রিটার্নিং কর্মকর্তা মো. ফাহিমূল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলিমুজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়রপ্রার্থী জামিলুর রহমান মিরন, জাফর আহমেদ, সহিদূর রহমান খান মুক্তি, মো. আতাউর রহমান খান, গোপালপুরের খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, মধুপুরের শহিদুল ইসলাম সরকার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭২৩ ঘ.
bdnews24